ইটানগরঃ
২১-২২ নভেম্বর রাজ্য সফরে একাধিক কর্মসূচি, ২২ নভেম্বর হলংগিতে এনডিআরএফের ১২তম ব্যাটালিয়ন কমপ্লেক্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অরুণাচল প্রদেশের উন্নয়ন ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ ও ২২ নভেম্বর রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসতে পারে। সফরের দ্বিতীয় দিনে ইটানগরের হলংগিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের ১২তম ব্যাটালিয়ন কমপ্লেক্সের উদ্বোধন করবেন তিনি।
মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু বুধবার অমিত শাহের সফরের কথা জানান। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন সমস্যা, উন্নয়নের অগ্রাধিকার এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প (SUMP) ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ-বিক্ষোভের আবহে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি সীমান্তবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলির পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে। তবে আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বিষয় বিদেশ মন্ত্রকের এক্তিয়ারভুক্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
২১ নভেম্বর: পুলিশকে সম্মান, উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা
সফরের প্রথম দিন, ২১ নভেম্বর সকাল ১০টায় ইটানগরের কাছে বান্দরদেওয়ায় পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে অরুণাচল প্রদেশ পুলিশের ‘প্রেসিডেন্টস কালার্স’ প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। এরপর ‘বড়া খানা’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রাজ্যের পুলিশকর্মীদের তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করারও কথা রয়েছে। পুলিশ ও বন দফতরের নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
দুপুর ২টো ৩০ মিনিটে ইটানগরের লোক ভবনে রাজ্যের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৩টে ৩০ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আরও একটি বৈঠক হওয়ার কথা।
২২ নভেম্বর: ২০৪৭-এর সমবায় ভিশন, উদ্বোধন এনডিআরএফ কমপ্লেক্সের
২২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ইটানগরের দরজি খাণ্ডু স্টেট কনভেনশন সেন্টারে ‘অরুণাচল প্রদেশ কো-অপারেশন ভিশন ডকুমেন্ট ২০৪৭’ প্রকাশ করবেন অমিত শাহ। একই অনুষ্ঠানে সমবায় পুরস্কার প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। পাশাপাশি ‘সরস মেলা’র উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
সেদিন বিকেল ৩টে ৪৫ মিনিটে হলংগিতে এনডিআরএফের ১২তম ব্যাটালিয়ন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো ও প্রস্তুতি জোরদার করার ক্ষেত্রে এই কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্যদিকে, ১৯ নভেম্বর নয়াদিল্লিতে ‘সীমান্তপারের সন্ত্রাসবাদ’ শীর্ষক সন্ত্রাসবিরোধী সম্মেলন ২০২৬-এর উদ্বোধন ও ভাষণ দেওয়ার কথা অমিত শাহের। দু’দিনের এই সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গত বছরের সম্মেলনে গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তগুলির অগ্রগতি পর্যালোচনা করারও কথা রয়েছে তাঁর।
২০২৪ সালের জুনে পেমা খাণ্ডুর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেষবার অরুণাচল প্রদেশে গিয়েছিলেন অমিত শাহ। তার আগে ২০২৩ সালের এপ্রিলে আনজাও জেলার কিবিথু সফরে গিয়ে সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো ও জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস’ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি।