কলকাতাঃ
কলকাতার হাসপাতালে শেষনিঃশ্বাস ‘লেবুবাবু’র, মালদার কোতওয়ালি ভবনে বাবা-মায়ের কবরের পাশে সমাধিস্থ করা হবে তাঁকে
মালদা, ১৯ নভেম্বর: প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা আবু নাসের খান চৌধুরী। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে।
‘লেবুবাবু’ নামে পরিচিত আবু নাসের খান চৌধুরী ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর ছোট ভাই। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন গনি খান চৌধুরী। আবু নাসের খান চৌধুরীও দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা তাঁর আত্মীয় ঈশা খান চৌধুরী জানান, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন আবু নাসের। মালদার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে দু’বার কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে প্রথম তৃণমূল সরকার গঠিত হলে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আবু নাসের খান চৌধুরী।
পরবর্তীকালে কংগ্রেস রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আবু নাসের খান চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী মালদার পৈতৃক বাসভবন ‘কোতওয়ালি ভবন’-এ তাঁকে সমাধিস্থ করা হবে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই শেষ আশ্রয় হবে তাঁর।