মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পেল না! কুলগামে এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট

Story by  Sudip sharma chowdhury | Posted by  Sudip sharma chowdhury • 5 h ago
মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পেল না! কুলগামে এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট
মসজিদে আশ্রয় নিয়েও রক্ষা পেল না! কুলগামে এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট
 
শ্রীনগর: 
 
জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হল লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের উপর হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল সে। ওই হামলায় তিনজন আধাসেনা জওয়ান আহত হয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। 

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাঙ্গালপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ৯ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের যৌথ দল। অভিযানের সময় একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয় লতিফ। সেখান থেকেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। মসজিদটির যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালানো হয়। 

কুলগামের পুলিশ সুপার অনায়ত আলি চৌধুরী নিজে ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে কথা বলেন। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার জন্য বারবার আবেদন জানানো হয় তাকে। এমনকি নিরাপত্তা বাহিনীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, আত্মসমর্পণ করলে তার জীবন রক্ষা করা হবে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ। পুলিশের দাবি, রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ মসজিদের ভিতর থেকে গুলি চালায় সে। 

পরে তাকে বাইরে বের করে আনার জন্য কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। মসজিদে প্রবেশ করে সরাসরি অভিযান চালানোর পরিবর্তে ধর্মীয় স্থাপনার ক্ষতি এড়াতে সংযম বজায় রাখে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত মসজিদ থেকে বেরিয়ে আসার পর সংঘর্ষে নিহত হয় লতিফ। সরকারি সূত্রের দাবি, অভিযানে মসজিদটির কোনও ক্ষতি হয়নি। 

পুলিশের দাবি, গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের একটি চৌকিতে হামলার সঙ্গে জড়িত ছিল লতিফ ভাট। ওই ঘটনায় তিনজন আধাসেনা জওয়ান আহত হন। তদন্তকারীদের দাবি, হামলার আগে সহযোগী উমর নিসার দারের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে নিরাপত্তা বাহিনীর অবস্থান ও সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে খোঁজখবর নিয়েছিল সে। 

এই অভিযানের দু’দিন আগে, ১৬ নভেম্বর কুলগামের লারু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল লতিফের সহযোগী উমর নিসার দার। সেই সংঘর্ষের সময় লতিফ পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তী তল্লাশি অভিযান চালিয়ে তার অবস্থান শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছিল লতিফ। দক্ষিণ কাশ্মীরে একাধিক হামলার সঙ্গে তার যোগ থাকার অভিযোগও রয়েছে। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

এই অভিযানের পর কাশ্মীর উপত্যকায় সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 


শেহতীয়া খবৰ