বন, পরিবেশ ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রেখেই পর্যটনের বিকাশ, চালসায় গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক প্রস্তাব

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
বন, পরিবেশ ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রেখেই পর্যটনের বিকাশ, চালসায় গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক প্রস্তাব
বন, পরিবেশ ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রেখেই পর্যটনের বিকাশ, চালসায় গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক প্রস্তাব
 
তপন রায় ডুয়ার্সঃ
 
 
বন, পরিবেশ এবং বন্যপ্রাণীকে সুরক্ষিত রেখে কীভাবে পর্যটনের বিকাশ ঘটানো যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার চালসায় আয়োজিত হল বিশেষ আলোচনা সভা। মূলত জলপাইগুড়ি জেলার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডার, পর্যটন ব্যবসায়ী, হোটেল মালিক, ট্যুরিস্ট গাইড, জিপ সাফারির সঙ্গে যুক্ত কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ধূপগুড়ি প্রেস ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিধায়করা, জেলাশাসক অদীতি চৌধুরী, পুলিশ সুপার সুজাতা কুমারী বিনাপানি এবং সিসিএফ রাজেন্দ্র জাখর-সহ প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরা।

বৈঠকে জলপাইগুড়ি জেলার পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন, পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা এবং নতুন নতুন পর্যটনস্থলকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা এবং একাধিক নতুন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি আগে থেকে থাকা বিভিন্ন প্রস্তাবের বাস্তবায়নের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

বৈঠকে বনদপ্তরের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়, বনদপ্তর শুধুমাত্র বন ও বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রাখতে চায় না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্র সার্বিক উন্নয়নই তাদের লক্ষ্য। তবে সেই উন্নয়ন হতে হবে বন, পরিবেশ ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রেখেই। প্রয়োজনে উন্নয়নের স্বার্থে অন্যান্য সমস্ত দপ্তরের সঙ্গেও আলোচনায় বসতে প্রস্তুত বনদপ্তর।

বিশেষ করে লাটাগুড়ি ও ডুয়ার্সের পর্যটনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলায় কী কী নতুন সম্ভাবনা রয়েছে, কোথায় পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা সম্ভব এবং কোথায় বনাঞ্চল ও বন্যপ্রাণীর স্বার্থে বিধিনিষেধ রয়েছে, সেই বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। পর্যটন ও বনদপ্তরের দুই মন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন প্রস্তাব ও সমস্যার দিকগুলি পর্যালোচনা করা হয়। বৈঠকে বেশ কয়েকটি সমস্যার সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথম রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যটন ও বনদপ্তরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফলে পর্যটনের বিকাশ এবং বনাঞ্চলকে কেন্দ্র করে পরিবেশবান্ধব উন্নয়নের ক্ষেত্রে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এদিনের বৈঠকে উঠে আসা প্রস্তাব, তথ্য ও মতামতগুলি পরবর্তী পর্যায়ে পর্যালোচনা করে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে। আগামী বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পর্যটন শিল্পের প্রসারের মধ্য দিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, পাশাপাশি বন, পরিবেশ এবং বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বাভাবিকভাবেই পর্যটন ও বনদপ্তরের দুই মন্ত্রীর উপস্থিতিতে চালসার এই বৈঠককে ডুয়ার্স তথা জলপাইগুড়ি জেলার পর্যটন বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


শেহতীয়া খবৰ