অসমের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা: শনিবার ২৬ জনের দেহের ময়নাতদন্ত, আহতদের দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 17 h ago
অসমের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা: শনিবার ২৬ জনের দেহের ময়নাতদন্ত, আহতদের দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী
অসমের কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা: শনিবার ২৬ জনের দেহের ময়নাতদন্ত, আহতদের দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি:

অসমের কাজিরাঙার কাছে যাত্রীবোঝাই মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। শনিবার মৃতদের দেহের ময়নাতদন্ত করা হবে। দুর্ঘটনায় আহত ১৮ জনের মধ্যে সাতজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। শুক্রবার এই কথা জানিয়েছেন অসমের মন্ত্রী রণোজ পেগু।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে দুর্ঘটনাস্থল এবং আহতদের চিকিৎসাধীন হাসপাতাল পরিদর্শন করেছেন রণোজ পেগু। শনিবার গোলাঘাট জেলার মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থারও খোঁজ নেবেন তিনি।

শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কের রঙাজান এলাকায় মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন কলেজ পড়ুয়া ছিলেন। তাঁরা ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে।

মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, শনিবার গোলাঘাটের শহিদ কুশল কোঁৱৰ সিভিল হাসপাতালে মৃতদের ময়নাতদন্ত করা হবে। এরপর অ্যাম্বুল্যান্সে করে দেহগুলি তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ২০ জনকে জোরহাট ও গোলাঘাটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন। জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন আহতকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১১ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করবে সরকার।

আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দল জোরহাট ও গোলাঘাটে পৌঁছেছে। ময়নাতদন্তের কাজেও তাঁরা সহায়তা করবেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গোলাঘাট জেলা প্রশাসনের তরফেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। দুটি গাড়ির কোনওটি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেছিল কি না, কিংবা যানবাহনে নির্ধারিত আসনসংখ্যার চেয়ে বেশি যাত্রী তোলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম ভাঙার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন ৬০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কে বন্যপ্রাণীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গতিসীমা নির্ধারিত রয়েছে। চিহ্নিত পশু চলাচলের করিডরগুলিতে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার। সড়কের বিভিন্ন জায়গায় গতিনিয়ন্ত্রণের জন্য ক্যামেরাও বসানো রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গুয়াহাটি থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।

এদিকে দুর্ঘটনায় মৃত এক শিশুর অভিভাবকদের এখনও খুঁজে পাওয়া যায়নি। গোলাঘাট হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। অন্যদিকে, একই পরিবারের তিন বোনেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

জানা গিয়েছে, মিনিবাসটি গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে, কন্টেনার ট্রাকটি তেজপুর থেকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল। দুর্ঘটনায় সামান্য আহত ট্রাকচালকের দাবি, মিনিবাসটি আচমকা লেন পরিবর্তন করে তাঁর গাড়ির দিকে চলে আসে এবং অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটিকে ধাক্কা মারে। মিনিবাসের চালক ও সহকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

একদিকে ২৬টি প্রাণহানির শোক, অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সাতজন। এই পরিস্থিতিতে দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে তাকিয়ে রয়েছে গোটা অসম।



শেহতীয়া খবৰ