শিক্ষা থেকে সম্প্রীতি, লালবাগের রাজ্য ইমাম সম্মেলনে নতুন দিশার সন্ধান! সম্মানিত ১০০ ইমাম, উঠে এল সমাজ বদলের একাধিক বার্তা
Story by Tarun Nandi | Posted by Sudip sharma chowdhury • 26 m ago
প্রতিনিধিত্বমূলক ছবি
তরুণ নন্দী, কলকাতাঃ
রাজ্য ইমাম সম্মেলনের মঞ্চ থেকে শিক্ষার প্রসার, নেশামুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ রোধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা উঠে এল। একই সঙ্গে ১০০ জন ইমামকে ‘ইমাম রত্ন’ সম্মাননা প্রদানকে ঘিরে সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। বলা ভালো, সমাজ গঠনে ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়ার বিশেষ দায়িত্ব থাকে তাঁদের উপর। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও তাঁদের অবদান অনস্বীকার্য। সেই ভূমিকার স্বীকৃতি এবং সমাজের বৃহত্তর স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি সামনে রেখে অনুষ্ঠিত হল রাজ্য ইমাম সম্মেলন ও ইমাম রত্ন প্রদান অনুষ্ঠান।
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাবাদের লালবাগ সেমিনার হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ১০০ জন ইমামকে ‘ইমাম রত্ন’ সম্মাননায় ভূষিত করা হয়। তাঁদের সামাজিক ও ধর্মীয় অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ বলে জানায় সংগঠন। জানা গেছে, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় এই সম্মাননা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা বাকিবিল্লাহ মোল্লা জানান, শুধুমাত্র সম্মাননা প্রদান নয়, সমাজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখানোর লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। শিক্ষার প্রচার ও প্রসার, নেশামুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইমামদের সন্তানদের জন্য ইংরেজি মাধ্যমের স্কুল গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বন্ধ হয়ে যাওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা পুনরায় চালুর দাবি ওঠে এই সম্মেলন থেকে। মাওলানা বাকিবিল্লাহ মোল্লা জানান, এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেওয়া হবে। তাঁর বক্তব্য, ইমাম, মুয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে সমাজের উন্নতির জন্য কাজ করে আসছেন। এই বিষয়টিকে প্রাধাণ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তাঁদের অবদানকে মর্যাদা দেওয়া প্রয়োজন। তাই বন্ধ হয়ে যাওয়া ভাতা পুনরায় চালুর বিষয়ে তাঁরা আশাবাদী।
রাজ্য ইমাম সম্মেলন
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রেজিনগরের বিধায়ক শাখারভ সরকার। তাঁর বক্তব্যে উঠে আসে পারস্পরিক শ্রদ্ধা, ধর্মীয় সহাবস্থান এবং সম্প্রীতির গুরুত্বপূর্ণ বার্তা। তিনি বলেন, বাংলাকে নতুন রূপে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে পথ চলতে হবে। বিতর্ক এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা আর সম্প্রীতির পরিবেশ বজায় রাখাই জরুরি। ইসলাম ধর্মের ইমাম, মুয়াজ্জিন ও মৌলভিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, নিজের ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান করেন তিনি। রেজিনগরে মসজিদ নির্মাণ প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন স্থানীয় বিধায়ক। তিনি এ প্রসঙ্গে বলেন, রেজিনগরে একটি নয়, ১০০টি মসজিদ তৈরি হলেও তাঁর কোনও আপত্তি নেই। প্রয়োজন হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও তিনি প্রস্তুত। তবে তিনি মনে করেন, বাবরের নামের পরিবর্তে ইসলামের বহু মহান মনীষীর নামে মসজিদ নির্মাণ করা যেতে পারে। তাতেও তাঁর কোনও আপত্তি নেই। প্রয়োজনে তিনি সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা পুনরায় চালুর দাবি প্রসঙ্গে বিধায়ক শাখারভ সরকার বলেন, সংগঠন নিজেদের দাবি জানাতেই পারে। একসময় তাঁরা এই ভাতা পেয়েছেন। তাঁদের এই দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলেও এদিন আশ্বাস দেন।এদিনের এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান মুফতি সিরাজুল ইসলাম, সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সরদার, কোষাধ্যক্ষ মাস্টার মমতাজুল বৈদ্য, উত্তরবঙ্গের কনভেনর ডক্টর বশির উদ্দিন, গবেষক ও সাংবাদিক ডক্টর শফিকুল ইসলাম (দুলাল), মাওলানা নুর আমিন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। লালবাগের এই রাজ্য ইমাম সম্মেলনে শিক্ষা, সামাজিক সংস্কার, ধর্মীয় সহাবস্থান, সংখ্যালঘু উন্নয়ন এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সামাজিক মর্যাদার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আলোচনায়।