চা শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ডকে সক্রিয় করা হবে জানালেন সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা
তপন রায়,আলিপুরদুয়ার:
আগের সরকার চা শ্রমিকদের কল্যাণে কোনও উদ্যোগ নেয়নি। এমনকী চা শ্রমিকদের জন্য তৈরি ওয়েলফেয়ার বোর্ড ও সংশ্লিষ্ট দফতরকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। শনিবার হাসিমারাতে চা শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই অভিযোগ করলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা।
চা শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত পাঁচ মাসে চা শ্রমিকদের স্বার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে, বন্ধ চা বাগান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চা শ্রমিকদের কল্যাণে যে ওয়েলফেয়ার বোর্ড ও দফতর রয়েছে, সেগুলিকেও সক্রিয় করা হয়েছে।
বিশাল লামা আরও বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, চা শ্রমিকদের উন্নয়ন এবং তাঁদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই ওয়েলফেয়ার দফতরকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। শুধু নির্দেশ দিলেই হবে না, শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে।
তিনি জানান, ওয়েলফেয়ার দফতরের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী দিনে যত কর্মীর প্রয়োজন, সেই ম্যানপাওয়ারও দেওয়া হবে। চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।