গঙ্গাসাগর মেলায় যাত্রী পরিষেবায় নামানো হবে প্রায় ১০টি হেলিকপ্টার, জানালেন মুখ্যসচিব
কলকাতা:
আসন্ন গঙ্গাসাগর মেলায় যাত্রী পরিষেবা আরও উন্নত করতে প্রায় ১০টি হেলিকপ্টার মোতায়েনের পরিকল্পনা করছে রাজ্য সরকার। শনিবার এক আধিকারিক এ কথা জানিয়েছেন। এর ফলে পুণ্যার্থীরা একই দিনে গঙ্গাসাগর দর্শন সেরে ফিরে আসতে পারবেন। পাশাপাশি, প্রশাসনিক কাজেও আধিকারিকদের যাতায়াত সহজ হবে।
রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, গঙ্গাসাগরে হেলিকপ্টার পরিষেবার যথেষ্ট চাহিদা রয়েছে। বিশেষ করে যেসব পুণ্যার্থী বা পর্যটক রাত না কাটিয়েই সাগরদ্বীপে গিয়ে ফিরে আসতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগের পরিকল্পনা করা হচ্ছে।
এই পরিষেবার মাধ্যমে প্রশাসনিক আধিকারিকরাও সরকারি কাজে গঙ্গাসাগরে গিয়ে একই দিনে ফিরে আসতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের গঙ্গাসাগর মেলায় তৎকালীন তৃণমূল সরকার জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী স্থানান্তর, আকাশপথে নজরদারি এবং যাত্রী পরিবহণের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিল।
প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। দ্বীপাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতেই এবারের মেলায় এই বিশেষ পরিষেবার পরিকল্পনা করা হচ্ছে।