কলকাতা:
নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লককে ঘিরে শমীক ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। তাঁর মন্তব্যের পরেই সরব ফরওয়ার্ড ব্লক। নেতাজিকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি অসম রাজ্য ফরওয়ার্ড ব্লকের।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক সময়ে ‘কুরুচিকর ও অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানাল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অসম রাজ্য কমিটি। ১০ আগস্ট তারিখে মুখ্যমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি খোলা চিঠিতে নেতাজির মর্যাদা রক্ষা এবং তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি জানানো হয়েছে।
অসম রাজ্য কমিটির চেয়ারম্যান মিহির নন্দী ও সাধারণ সম্পাদক হোরেন বরগোহাঁইয়ের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিক কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য জনপরিসরে করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করছেন। চিঠিতে বিশেষভাবে বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ এবং কয়েকজন নেতার বক্তব্যের প্রসঙ্গ তোলা হয়েছে।
ফরওয়ার্ড ব্লকের নেতাদের দাবি, নেতাজি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন। তিনি ভারতের গর্ব, বাঙালির আত্মমর্যাদা, সাহস ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক। তাই তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্য শুধু একজন ব্যক্তিকে অসম্মান করা নয়, বরং কোটি কোটি ভারতবাসীর আবেগ, ইতিহাস ও আত্মসম্মানকে আঘাত করার সামিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাজ্যের সাংবিধানিক অভিভাবক হিসেবে উল্লেখ করে কয়েকটি নির্দিষ্ট দাবি জানানো হয়েছে।প্রথমত, নেতাজিকে নিয়ে যে কোনও কুরুচিকর বা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আবেদন জানানো হয়েছে।
দ্বিতীয়ত, ইতিহাস বিকৃত করা এবং জাতীয় বীরকে অসম্মান করার অভিযোগে নেতাজিকে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ফরওয়ার্ড ব্লক।
তৃতীয়ত, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নেতাজির মর্যাদা ও ঐতিহাসিক অবদান রক্ষায় সর্বদলীয় ঐক্যের আহ্বান জানানোর কথা বলা হয়েছে।
চতুর্থত, নেতাজি এবং তাঁর প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক সম্পর্কে ‘অশুভ আচরণ’ ও ‘কুরুচিকর-অপমানজনক’ বক্তব্য করেছেন বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নেতাজির আদর্শ বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্য, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা দেয়। তাই তাঁর সম্মান রক্ষা করা সরকার ও সমাজের সকলের নৈতিক দায়িত্ব।
ফরওয়ার্ড ব্লকের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে ইতিহাসের প্রতি শ্রদ্ধা, জাতীয় গৌরবের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য তুলে ধরার স্বার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানানো হয়েছে।