ত্রিপুরা থেকে ঢাকা–কলকাতা মৈত্রী বাস ফের চালু, বন্ধুত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 d ago
ত্রিপুরা থেকে ফের চালু  ঢাকা–কলকাতা মৈত্রী বাস
ত্রিপুরা থেকে ফের চালু ঢাকা–কলকাতা মৈত্রী বাস
 
নুরুল হক / আগরতলা

"ভারত বাংলাদেশের মধ্যে একে অপরে আবেগের সম্পর্ক রয়েছে। একটি দেশ আরেকটি দেশকে ছাড়া বেশি দিন চলতে পারেনা। সামান্য সময়ের জন্য অন্ধকার থাকলেও ফের একবার দুই দেশের সম্পর্কে আলো ফিরে এসেছে।" টানা এক বছরের বেশি সময় যাবত বন্ধ থাকার পর ঢাকা হয়ে আগরতলা কলকাতা বাস সার্ভিস পুনরায় চালু করার মুহূর্তে এভাবেই নিজের আবেগ জাহির করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।
 
প্রসঙ্গত ২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির আওতাতেই দুই দেশের মধ্যে এই বাস সার্ভিস পরিষেবা চালু ছিল। এই মৈত্রী বাস ধরে বাংলাদেশ এবং ভারতে যাত্রীদের নিয়মিত যাতায়াতের পাশাপাশি আগরতলা থেকে অনেক যাত্রী খুব সহজে ঢাকা হয়ে কলকাতায় পৌঁছে যেতেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর সেই পরিষেবা থমকে পরে।
 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া একটি মৈত্রী বাস বাংলাদেশের ঢুকার পরেই দুর্ঘটনার মুখে পড়েছিল। তারপর থেকে নিরাপত্তা ইস্যুতে এই মৈত্রী বাস সার্ভিস বন্ধ হয়ে পড়ে। এমনকি আগরতলায় বাংলাদেশের ভিসা সার্ভিস ও বন্ধ হয়ে পড়েছিল। এক বছরের বেশি সময় পর বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে।
 
বিএনপি সরকার গঠনের পরে বাংলাদেশের নেতৃত্বরা পুনরায় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিচ্ছেন। এই অবস্থায় ত্রিপুরার আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা মৈত্রী বাস সার্ভিস পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।
 
ত্রিপুরা থেকে ফের চালু  ঢাকা–কলকাতা মৈত্রী বাস 
 
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ভিসা সার্ভিস পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে এই বাস সার্ভিস ও চালু হয়ে যেতে পারে। শনিবার টিআরটিসি তথা ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে পুনরায় এই মৈত্রী বাস সার্ভিস চালু করে।
 
অন্যদিকে এই বাস সার্ভিস নিয়া পৃথক পৃথকভাবে বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন খুব শীঘ্রই মৈত্রী বাস সার্ভিস চালু করার পাশাপাশি আগামী দিনে সাব্রুমের মৈত্রী সেতু উদ্বোধন এবং ত্রিপুরা হয়ে দুই দেশে রেল পরিষেবা চালু করার ক্ষেত্রেও দুই দেশের সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।