শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
শ্রীলঙ্কার পর এবার কলকাতা। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান শহরে পা রাখতেই যেন বদলে গেছে আবহ। আলিপুর জেল থেকে হাওড়া চত্বর, বৌবাজার থেকে ভারতলক্ষ্মী স্টুডিয়ো, সর্বত্র জোরকদমে চলছে তাঁর আসন্ন ইদের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’-র শুটিং। পরিচালক আবু হায়াত মাহমুদ নিঃশব্দেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করেছেন কলকাতা পর্বের কাজ।
বৌবাজারের মাধো ভবনের সামনে আচমকা শোনা গেল ‘অ্যাকশন’ হাঁক। ধোঁয়া ফুঁড়ে বেরিয়ে এল একটি বাইক। চুলে লালচে আভা, এলোমেলো রুক্ষ স্টাইল, ঘন দাড়ি-গোঁফ, বুক খোলা জিন্স জ্যাকেটের ভিতর ফুলছাপ শার্ট, দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা সেই বাইকারকে দেখেই কৌতূহলী জনতার গুঞ্জন, এ যে শাকিব খান! কলকাতার রাস্তায় তাঁর উপস্থিতি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মুহূর্তে জমে যায় ভিড়। তবে শহর সজাগ হওয়ার আগেই টিম ঘিরে নেয় নায়ককে; কিছুক্ষণের মধ্যেই তিনি অদৃশ্য মাধো ভবনের অন্দরে।
শ্যুটিং এর একটি দৃশ্য
ছবিতে শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের কুখ্যাত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে। এক সাধারণ মানুষের অন্ধকার জগতে পা রাখা এবং ধীরে ধীরে গ্যাংস্টার হয়ে ওঠার গল্পই বলবে ‘প্রিন্স’। হাওড়ার বহুদিনের বন্ধ একটি পুরনো কারখানায় রাতভর শুটিং হয়েছে অ্যাকশন দৃশ্যের। পুরনো শেড, ছড়িয়ে থাকা যন্ত্রাংশ, সেই আবহেই বন্দুক, বাইক স্টান্ট আর তীব্র মুখোমুখি লড়াইয়ের দৃশ্য ধারণ করেছেন নির্মাতারা।
নায়কের পাশে রয়েছেন দুই নায়িকা, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। ‘দিলরুবা’ চরিত্রে তাসনিয়ার সঙ্গে শাকিবের রসায়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এই ছবির মাধ্যমে বাংলাদেশে আত্মপ্রকাশ করছেন জ্যোতির্ময়ী। যদিও দুই নায়িকার সরাসরি কোনও দৃশ্য নেই।
অন্ধকার জগতের দীক্ষাগুরু হিসেবে রয়েছেন টলিউডের পরিচিত মুখ লোকনাথ দে। পর্দায় তাঁর নাম ‘গোপাল কর’, মাথার সাড়ে তিনটে চুল উল্টে আঁচড়ানো, পিছনে লম্বা বিনুনি, কালো শার্ট ও সিল্কের লুঙ্গি, কপালে লাল তিলক, চরিত্রটি ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে। লোকনাথের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পিয়ান সরকারকে। গল্পে লোকনাথের মৃত্যুর পর তিনিই হয়ে উঠবেন ‘লেডি ডন’, হাত মেলাবেন শাকিব ওরফে কালা জাহাঙ্গীরের সঙ্গে।
শ্যুটিং এর বা ফাঁকে মাহমুদ, লোকনাথ দে, শরিফ সিরাজ
অন্যদিকে ‘বাবু’ চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণে শাকিবকে সাহায্য করবেন তিনিই। ছবিতে তাঁরও করুণ পরিণতি রয়েছে।
ক্যামেরার দায়িত্বে বলিউডের অমিত রায় ও শৈলেশ অবস্থী। অ্যাকশন ও রোমান্সের মিশেলে তৈরি এই ছবির প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস, প্রযোজক শিলিন সুলতানা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ফার্স্ট লুক’, যেখানে রুক্ষ, অগ্নিমূর্তি শাকিব যেন এক নতুন অবতারে। কলকাতা পর্ব শেষ হলে টিম উড়ে যাবে হায়দরাবাদে। তবে আপাতত শহর জুড়ে একটাই আলোচনা, শাকিবের ‘প্রিন্স’ কবে বড়পর্দায় রাজত্ব করবে!