ইম্ফল:
মণিপুরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণনা প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মণিপুর হাই কোর্ট। রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত দুটি আবেদনের শুনানির সময় সোমবার এই নির্দেশ দেওয়া হয়।আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি হবে ১২ অক্টোবর ২০২৬।
বিশেষ শুনানিতে বিচারপতি এ. গুণেশ্বর শর্মার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ কাংলেইপাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (কেএসএ) দায়ের করা জনস্বার্থ মামলা ও আবেদন এবং উপত্যকা-ভিত্তিক ১৪টি নাগরিক সমাজ সংগঠনের নেতা শান্তা সিং নাহাকনাম-এর দায়ের করা রিট পিটিশনের শুনানি করেন।
আবেদনগুলিতে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে ধরে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) হালনাগাদ করার পাশাপাশি অবৈধ অভিবাসনের কথিত সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে প্রতিবেশী মায়ানমার থেকে অবৈধ অভিবাসন মণিপুরের জনসংখ্যাগত ভারসাম্য ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এই প্রেক্ষাপটে জনগণনা প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশকে মণিপুরের নাগরিকত্ব, অভিবাসন ও জনসংখ্যা সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতের পরবর্তী শুনানিতে এনআরসি, অবৈধ অভিবাসন এবং জনগণনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।