কলকাতা
উত্তর কলকাতার চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর রবিবার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে শনিবার কলকাতায় পৌঁছন অমিত শাহ। রবিবার তাঁর দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।
এই মর্মান্তিক ঘটনার পর শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত শাহ তাঁর নির্ধারিত পুজো পরিদর্শনের কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পর তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।
কলকাতায় পৌঁছনোর পরই সমাজমাধ্যম ‘এক্স’-এ শোকপ্রকাশ করেন অমিত শাহ। তিনি লেখেন, “কলকাতার চোরবাগান পাবলিক দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার মর্মান্তিক খবর এইমাত্র পেয়েছি। এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি। এই দুর্ঘটনায় প্রাণ হারানো পুণ্যার্থীদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
আহতদের চিকিৎসার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, প্রশাসন আহতদের সম্ভাব্য সমস্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, রবিবার পশ্চিমবঙ্গে তাঁর নির্ধারিত কর্মসূচিগুলি স্থগিত রেখে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মা দুর্গার কাছে প্রার্থনাও করেন তিনি।