রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, বিহার সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু মূল অভিযুক্তের
রায়গঞ্জ
রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় বড়সড় পদক্ষেপ পুলিশের। ঘটনার মূল অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। পুলিশের দাবি, গ্রেফতার এড়িয়ে বাংলা-বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিহারের গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় অভিযুক্তের অবস্থান জানতে পেরে রবিবার ভোররাতে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে অভিযুক্ত গুলি চালালে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। তাতেই গুলিবিদ্ধ হন দিলীপ রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ নভেম্বর ভোর সাড়ে ৩টে নাগাদ অভিযুক্তের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়েই অভিযুক্ত আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান বলে অভিযোগ। পাল্টা গুলিতে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গত ৪ নভেম্বর এই ঘটনায় রায়গঞ্জ থানায় ১৪৩৯/২৬ নম্বরে মামলা দায়ের হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ১৪০(৩), ১০৩(১) ও ২৩৮ ধারার পাশাপাশি পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়।
কীভাবে সামনে এসেছিল নৃশংস ঘটনা?
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ১২ বছরের ওই নাবালিকা। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
দু’দিন পর, শুক্রবার সকালে একটি জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। বিবস্ত্র অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ তৈরি হয়েছিল। এবার মূল অভিযুক্তের মৃত্যুর খবর সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে পুলিশের অভিযানের পূর্ণ বিবরণ এবং এনকাউন্টারের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।