সুরের রানী আশা ভোঁসলের রমজান শুভেচ্ছায় আবেগে ভেসে উঠল সোশ্যাল মিডিয়া

Story by  atv | Posted by  Aparna Das • 12 h ago
আশা ভোঁসলে
আশা ভোঁসলে
 
মালিক আসগর হাশমি / নয়াদিল্লি

ভারতের সঙ্গীতজগতের উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোঁসলে আবারও প্রমাণ করলেন, শিল্পীর কোনো ধর্ম হয় না। তাঁর কণ্ঠ যেমন মানুষের হৃদয়কে একসূত্রে বেঁধে রাখে, তেমনি এবার তাঁর কথার মাধুর্যও ছুঁয়ে গেল সবার মন। রমজানের পবিত্র মাস চলছে, চারদিকে ইবাদতের পরিবেশ। ঠিক এই সময়েই আশা জির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি গভীর ভালোবাসা ও সম্মানের সঙ্গে রোজাদারদের রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছেন।
 
এটি যদিও একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বার্তা হিসেবে প্রকাশিত হয়েছে, কিন্তু তাঁর মুখের নির্মলতা আর কথা বলার সরলতা এই বার্তাকে রূপ দিয়েছে এক রুহানি অনুভূতিতে। ভক্তরা একে বিজ্ঞাপন হিসেবে নয়, বরং এক মহৎ শিল্পীর মহানুভব মনোভাব হিসেবে গ্রহণ করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে, প্রতিক্রিয়ার ঢল নেমেছে।
 
ভারতের সঙ্গীতজগতের উজ্জ্বলতম শিল্পী আশা ভোঁসলে
 
ভিডিওতে আশা জির উপস্থিতি অত্যন্ত স্নিগ্ধ। ফুলে সাজানো একটি অভিজাত চেয়ারে বসে থাকা তিনি সাদা শাড়িতে আরও বেশি উজ্জ্বল লাগছিলেন। দু’হাত জোড় করে তিনি রোজাদারদের উদ্দেশে বলেন, "রমজান কা মহিনা মুবারক হো। ইহ মহিনা বহুত শান্তি ওয়ালা হ্যায়।" তিনি রমজানের প্রকৃত তাৎপর্যও তুলে ধরেন, "আপ সব দোয়া মাঙ্গতে রেহতে হ্যায় গরিবোঁ কে লিয়ে… আপকে পাস যা বিহোতা হ্যায়, উসে সবমেঁ বাত দেতে হ্যায়।"
 
কয়েকটি বাক্যেই তিনি রমজানের মূল রস, ত্যাগ, সেবা এবং মানবিকতার বার্তা, স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মুখের অভিব্যক্তি বলছিল, তিনি শুধু উচ্চারণ করছেন না, বরং অনুভবও করছেন।
 
ভিডিওটি ইতোমধ্যে হাজারো মানুষ দেখেছেন। আড়াই হাজারের বেশি লাইক, এক হাজারের বেশি কমেন্ট এসেছে। অনেকে লিখেছেন, “রমজান মুবারক ম্যাম”, “দোয়া ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”, “আপনার কথায় মন ভালো হয়ে গেল।”
 
একজন অনুরাগী মোহাম্মদ ওয়াসিম তো আবেগে লিখেছেন, “আল্লাহ করুন আপনি ২০০ বছর বাঁচুন, এটাই আমাদের দোয়া।” সুশীল কুমারের মন্তব্য ছিল গভীর, “মোহাব্বত কে বিনা হার ইবাদত আধুরি হ্যায়।”
 
আশাজির ভিডিওতে অনুরাগীদের কমেন্টের একটি ছবি
 
এই ভিডিওটি ছিল অ্যাসিস মিডল ইস্ট নামের একটি প্রতিষ্ঠানের ইফতার আমন্ত্রণ বার্তা। কিন্তু দর্শকরা শুধু বিজ্ঞাপন দেখেননি, তাঁরা দেখেছেন এক কিংবদন্তির অন্তরের মানবিকতা। অনেকেই লিখেছেন, “লিজেন্ড তো লিজেন্ডই থাকে।”
 
ভিডিওর শেষে আশা জি যখন আবার বলেন, “রমজান কা মহিনা মুবারক হো।”, তখন তা যেন এক দোয়ার মতো হৃদয় ছুঁয়ে যায়।
 
আজকের বিভেদময় পৃথিবীতে একজন খ্যাতনামা হিন্দু শিল্পীর পক্ষ থেকে মুসলিম ভাইবোনদের এভাবে স্মরণ করা সত্যিই বড় বার্তা। এটি ভারতের গঙ্গা–যমুনা সংস্কৃতির জীবন্ত উদাহরণ। সুরের সাধনা আশা জিকে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে।
 

রমজানে রোজাদাররা ক্ষুধা–তৃষ্ণা সহ্য করে ইবাদত করেন, এই ত্যাগের মনোভাবকে তিনি সম্মান জানিয়েছেন। তাঁর বার্তায় ফুটে উঠেছে মানবিকতার মাহাত্ম্য, যা সব ধর্মের ঊর্ধ্বে। আশা ভোঁসলের এই ভিডিও সমাজকে বিভক্ত করার চেষ্টা করা সকলের জন্য মর্মস্পর্শী জবাব। তিনি মনে করিয়ে দিয়েছেন, “উৎসব কারও একার নয়, আনন্দ সবার।”
 
তাঁর ছোট্ট শুভেচ্ছা কোটি মানুষের হৃদয়ে শান্তি ছড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখনও তাঁর জন্য দোয়া আসছে। এই প্রতিবেদন আমাদের মনে করিয়ে দেয়, কলা কখনও সীমান্ত মানে না, আর শিল্পী সবসময়ই মানবতার দূত। আজ আশা জির দীর্ঘায়ুর দোয়া প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে।