Story by Nurul Haque | Posted by Aparna Das • 17 h ago
গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পার্টির একটি দৃশ্য
নূরুল হক / আগরতলা
জশনে ঈদে মিলাদুন্নবী তথা ভাতৃত্ব সম্মেলন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে। ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গনে বাগে হুদা দরবার হলে অনুষ্ঠিত এই ইফতার পার্টিতে একসঙ্গে সাতশত ধর্মপ্রান রোজাদার ইফতারে অংশ নেন। দিনভর রোজা শেষে ইফতারের আগে দুহাত তুলে বিশ্ব শান্তি এবং সৌভ্রাতৃত্বের জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন রোজাদাররা।
আয়োজক কমিটির পক্ষে গাউছিয়া জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম কাদরী বলেন এই ১২ ফাল্গুন দিনটি আল্লামা অধ্যক্ষ সৈয়দ ইউসুফ শাহ এর ওরশ শরীর এবং ভ্রাতৃত্ব সম্মেলন তথা ঈদে মিলাদুন্নবী। এ বছর রমজান সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় এই ওরস শরীফ এবং ভাতৃত্ব সম্মেলন পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। এই ভ্রাতৃত্ব সম্মেলনকে কেন্দ্র করেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারে ধর্মপ্রাণ রোজাদার সহ সর্ব ধর্মের সম্প্রীতি প্রিয় মানুষদের আমন্ত্রণ জানানো হয়। রোজার সপ্তম দিনে আয়োজিত এই ইফতার পার্টিতে এদিন প্রায় ৭০০ লোক অংশগ্রহণ করেন এবং একসঙ্গে ইফতারের অংশ নেন। ইফতারের আগে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত তোলেন রোজাদাররা। সেই দোয়াই তারা বিশ্ব শান্তি ,সৌভাতৃত্ব এবং সমাজের সর্ব অংশের মঙ্গল কামনায় দোয়া করেছেন বলে জানিয়েছেন ইমাম সাহেব।
প্রসঙ্গত বাংলাদেশ চট্টগ্রামের সৈয়দবাড়ি পীর বংশের মুরিদরা (হিন্দু মুসলিম সম্প্রদায়ের) রয়েছেন এই গাউছিয়া সমিতিতে। প্রতি বছরেই বাংলাদেশ থেকে পীর সৈয়দ মছিহ দুল্লা সাহেব আগরতলা গাউছিয়া সমিতিতে আসেন এবং ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। মুসলিমদের পাশাপাশি পীর সাহেবের অসংখ্য অমুসলিম ভক্ত রয়েছেন। গাউছিয়া সমিতির ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন একাকার হন।
গাউছিয়া সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পার্টির একটি দৃশ্য
এ বছর বোর্ড পরীক্ষা এবং রমজানের কারণে এই অনুষ্ঠান সামান্য পিছিয়ে গেছে। ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি ) অনুষ্ঠানের পবিত্র দিনকে বাছাই করে ইফতার মাহফিলের আয়োজন করেছিল গাউছিয়া সমিতি। ইফতার পার্টিতে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সম্প্রীতি প্রিয় মানুষজন অংশগ্রহণ করেছেন এবং রোজাদারদের একসঙ্গে মিলিত হয়ে ইফতার করেন।