বেরেলি, উত্তর প্রদেশ :
পরিচালক কমাক্ষ্য নারায়ণ সিংয়ের ছবি ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ফিল্ম ‘দ্য কেরালা স্টোরি ২’ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন,“এই চলচ্চিত্র সত্য তুলে ধরছে। নির্মাতা ও প্রযোজকদের দেশের সামনে সত্য উপস্থাপনের অধিকার রয়েছে। যদি এই সত্য দেখানো না হয়, তবে আজকের যুবসমাজ বিভ্রান্ত হয়ে পড়বে।”
একদিকে ছবির সার্টিফিকেট বাতিলের দাবি উঠেছে, অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রজভি বেরেলভি ছবিটি নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন।
‘দ্য কেরালা স্টোরি ২’-এর ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্ক তীব্র হয়েছে এবং বিষয়টি এখন হাই কোর্ট পর্যন্ত পৌঁছেছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবিটিকে ঘৃণা ছড়ানো হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে কয়েকজন মৌলানা দাবি করেছেন যে, এই চলচ্চিত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
এ পরিস্থিতিতে ছবিটি নিয়ে আদালতে একটি পিটিশন দায়ের করা হয়েছে। কান্নুরের বাসিন্দা শ্রীদেব নাম্মুদিরি আদালতের কাছে আবেদন করেছেন, ছবিটিকে দেওয়া সার্টিফিকেট বাতিল করা হোক। তাঁর দাবি, এই ছবি আইন-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
অন্যদিকে, অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রজভি বেরেলভি বলেন, “দ্য কেরালা স্টোরি-২ ভুয়া গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। বর্তমানে কিছু চলচ্চিত্র পরিচালক যেকোনোভাবে অর্থ উপার্জনের প্রবণতায় মেতে উঠেছেন। আজকের অনেক ছবি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াচ্ছে এবং হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বকে ক্ষতিগ্রস্ত করছে। এসবই মুসলমানদের বদনাম করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা ” বলে দাবি করেন ।