দুবাইয়ের মঞ্চে শাহরুখের চমক! ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানে নাচ, উচ্ছ্বসিত অনুরাগীরা
দুবাই
দুবাইয়ের মঞ্চে ফের বাদশাহি মেজাজে শাহরুখ খান! নিজের আসন্ন ছবি ‘কিং’-এর রোম্যান্টিক গান ‘তু মিল যায়ে’ গেয়ে ও নেচে অনুরাগীদের চমকে দিলেন বলিউডের সুপারস্টার। বুধবার, ১১ নভেম্বর দুবাইয়ে একটি জমকালো অনুষ্ঠানে শাহরুখের এই পারফরম্যান্স ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। শুধু গানেই মুগ্ধ করেননি অভিনেতা, অনুষ্ঠানের মঞ্চে নিজের চিরপরিচিত দু’হাত প্রসারিত করার ভঙ্গিতেও ধরা দেন তিনি।
দুবাইয়ে Danube Properties-এর উদ্যোগে ‘Shahrukhz Residences’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। কালো রঙের ঝলমলে ব্লেজার, ম্যাচিং ট্রাউজার্স এবং সানগ্লাসে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। পরিচিত সল্ট-অ্যান্ড-পেপার হেয়ারস্টাইলেও ধরা দেন অভিনেতা। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী গৌরী খান এবং বলিউডের পরিচালক করণ জোহর-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। নিজের নামাঙ্কিত এই আবাসন প্রকল্পের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শাহরুখ।
অনুষ্ঠানে শাহরুখের গান ও নাচের মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাঁর প্রযোজনা সংস্থা Red Chillies Entertainment-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। মুহূর্তের মধ্যেই তা অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর নিজের ৬১তম জন্মদিনে ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশ করেছিলেন শাহরুখ। ‘কিং’ ছবির এই রোম্যান্টিক গানের সুর দিয়েছেন সচিন-জিগর জুটি। গানের কথা লিখেছেন কুমার। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচী। পাশাপাশি গানটিতে রয়েছে এড শিরানের লেখা একটি ইংরেজি র্যাপও।
এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে শাহরুখ ও ব্রিটিশ গায়ক এড শিরানের বন্ধুত্বের গল্পও। গানটি প্রকাশের পর সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্টে এড জানিয়েছেন, শাহরুখের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই এই বিশেষ সংগীত সহযোগিতার সূত্রপাত। প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে তিনি জানান, শাহরুখ তাঁকে নিজের পরবর্তী ছবির জন্য একটি গান তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি সেটিই যেন হয় তাঁর প্রথম বলিউডি গান।
এড আরও জানান, শেষবার ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন তিনি। অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিয়োয় শাহরুখকে ক্যামিও চরিত্রে অভিনয়ের অনুরোধ জানাতেই সেই সাক্ষাৎ। সেখানেই শাহরুখ তাঁকে সুরকার সচিন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই রাতেই ‘তু মিল যায়ে’-এর জন্য নিজের র্যাপের অংশ লিখে রেকর্ড করেন এড।
এডের কথায়, একই প্রজেক্টে তাঁর প্রিয় শিল্পীদের একসঙ্গে পাওয়া অত্যন্ত আনন্দের। অরিজিৎ সিংয়ের কণ্ঠও এই গানে থাকায় সহযোগিতাটি তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে।
গানটির মিউজিক ভিডিয়োয় শাহরুখের পাশাপাশি রয়েছেন ছবির সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দু’জনের রসায়নের পাশাপাশি ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যের ঝলকও দেখা গিয়েছে সেখানে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরে তৈরি হচ্ছে অ্যাকশন-থ্রিলার ‘কিং’। Red Chillies Entertainment এবং Marflix Pictures-এর প্রযোজনায় ছবিটি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন এবং শাহরুখ-কন্যা সুহানা খান।