'ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা'-র সাফল্যে কলকাতার ‘ঋণ শোধ’ করলেন পরিচালক ইমতিয়াজ আলি, সিনেমা বক্স অফিসে ঝড় তুললেও তিনি মাটিতে পা রেখে চলেন
তরুণ নন্দী, কলকাতাঃ
কলকাতায় যেন বৃষ্টি দিনে এক অন্য উন্মাদনা দেখল সিনেমাপ্রেমীরা। কারণ, প্রাণের শহর কলকাতায় ছবির প্রচারে এসে এমাথা ওমাথা ঘুরে দেখলেন বলিউডের অন্যতম সেরা পরিচালক ইমতিয়াজ আলি। পরিচালকের কলকাতা সফরের একটি ভিডিও সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ। কোনো বড়সড় প্রচারের মধ্যে তিনি গেলেন না, বরং তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা'-র সাফল্যের জন্য কলকাতায় তাঁর আসা। জানা গেছে, এই সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকদের অকৃত্রিম ভালোবাসার ঋণ শোধ করতেই এই শহরে পা রাখলেন পরিচালক।
সিনেমা সমালোচকদের একাংশের দাবি, 'ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা' ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকমহলে তৈরি হয়ে গিয়েছে এক অদ্ভুত আবেগ। কোনো কর্পোরেট পিআর স্টান্ট নয়, বলা যেতে পারে দর্শকদের মুখে মুখে প্রচারের জোরেই সিনেমাটি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। আর সেই কৃতজ্ঞতাবোধ থেকেই তিলোত্তমায় ছুটে আসা ইমতিয়াজের। তবে তাঁর এই সফর স্রেফ পেশাদারী আনুষ্ঠানিকতা ছিল না, ছিল এক আন্তরিক মিলনমেলা। কলকাতায় এসেই ইমতিয়াজ নিজেকে ভাসিয়ে দিলেন শহরের চেনা নস্টালজিয়ায়। তিলোত্তমার আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখা থেকে শুরু করে কলকাতার হেরিটেজ হলুদ ট্যাক্সির সামনে পোজ, বর্ষামুখর শহরে ইমতিয়াজ ছিলেন অন্য মেজাজে।
সিনেমাপ্রেমীদের কথায়, ইমোশনাল লাভ স্টোরি আর ইমতিয়াজ আলি, শব্দবন্ধ দুটি বলা যায় সমার্থক। তবে এই সফরেই 'জব উই মেট'-এর পরিচালক তাঁর অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি জানান, প্রেমের ছবি তৈরি করে দর্শক মনে বিখ্যাত হয়ে উঠলেও তিনি নাকি নিজে থেকে এই ধারার গল্প লেখা শুরু করেননি। এমনকি তাঁর কাল্ট ক্লাসিক 'জব উই মেট' ছবিটিকেও একটি সাধারণ প্রেমের গল্প হিসেবে ভাবেননি। তিনি বলেন, তাঁর ভাবনায় অনুপ্রেরণা ছিল মাইথোলজির চিরন্তন প্রেম। আগামী দিনের পরিকল্পনা নিয়ে ইমতিয়াজ স্পষ্ট জানান, ভারতীয় মাইথোলজি বা পুরাণের একাধিক আখ্যান তাঁকে গভীরভাবে ভাবায়। তিনি কথা প্রসঙ্গে দাবি করেন, গল্পগুলোকে সেলুলয়েডে ফুটিয়ে তোলার ক্ষমতা ও আত্মবিশ্বাস তাঁর আছে।
ইমতিয়াজ আলির তৈরি সিনেমা 'ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা' ছবিটিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, শর্বরী এবং বেদাং রায়নার মতো এক ঝাঁক প্রতিভাবান বলিউড তারকা। বিরলা স্টুডিওস ও অ্যাপ্লজ এন্টারটেনমেন্টের প্রযোজনায়, এবং উইন্ডো সিট ফিল্মসের মোহিত চৌধুরী ও শিবাশিস সরকারের সহযোগিতায় তৈরি এই ছবির আবেগঘন গল্প ইতিমধ্যেই দর্শকদের মন ছুঁয়ে গেছে। টিপস মিউজিকের সুরে সাজানো গানগুলোও মুখে মুখে ফিরছে সবার। মুক্তির বেশ কিছুদিন কেটে গেলেও প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা বিন্দুমাত্র কমেনি।
ইমতিয়াজের এই আকস্মিক কলকাতা সফর যেন সেই উন্মাদনাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমাহলমুখী দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে ইমতিয়াজ জানিয়েছেন, কলকাতার মানুষের সিনেমা নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমার কাছে প্রেরণা।