শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
গত জানুয়ারিতে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সেই ঘোষণার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে অবশেষে এল বড় সুখবর। অবসরের জল্পনা কাটিয়ে ফের প্লেব্যাক গানে শোনা যাবে অরিজিৎকে। ইমরান হাশমি অভিনীত আসন্ন ছবি আওয়ারাপান ২-এর একটি গুরুত্বপূর্ণ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
ছবির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুক্তি পাচ্ছে গান ‘ইয়ে আওয়ারাপান’। এই গানেই কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। সূত্রের দাবি, ‘আওয়ারাপান’ ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ টিম বিশেষ গুরুত্ব দিয়ে গানটি তৈরি করেছে। ছবির আবেগঘন মুহূর্তে এই গানই মূল চরিত্রের মানসিক টানাপোড়েনকে ফুটিয়ে তুলবে।
বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই এই গান নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। সঙ্গীত পরিচালক আমাল মালিক-এর সুরে এবং গীতিকার রশ্মি বিরাগ-এর কথায় তৈরি হয়েছে ‘ইয়ে আওয়ারাপান’। নির্মাতাদের মতে, গানটির আবহে একাকিত্ব, যন্ত্রণা এবং আত্মসংঘাতের মতো জটিল আবেগ রয়েছে, যা অরিজিতের কণ্ঠ ছাড়া অন্য কারও পক্ষে সমানভাবে ফুটিয়ে তোলা কঠিন ছিল।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অরিজিৎ ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন করে প্লেব্যাক গানে কাজ করবেন না। যদিও সেই সময় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আগে থেকে চুক্তিবদ্ধ গানগুলির কাজ সম্পূর্ণ করবেন। তাই মনে করা হচ্ছে, আওয়ারাপান ২-এর গানটির সঙ্গে তিনি অনেক আগেই যুক্ত হয়েছিলেন।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। তাঁর কণ্ঠে অসংখ্য হিন্দি, বাংলা ও অন্যান্য ভারতীয় ভাষার গান শ্রোতাদের মন জয় করেছে। ফলে নতুন এই গানের খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা—এ কি শুধুই পুরনো চুক্তির কাজ, নাকি সত্যিই আবার নিয়মিত প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ?
যদিও এই বিষয়ে গায়কের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি মেলেনি, তবু ‘ইয়ে আওয়ারাপান’ মুক্তির অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন তাঁর লক্ষ লক্ষ ভক্ত। নতুন গানটি মুক্তির পরই হয়তো স্পষ্ট হবে, অবসরের পর অরিজিতের প্লেব্যাক-যাত্রা কোন পথে এগোতে চলেছে।