NEET প্রশ্নফাঁস মামলার দ্রুত বিচারে কলকাতা হাইকোর্টের বড় উদ্যোগ, গঠন ৫টি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত
কলকাতা:
NEET প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। রাজ্য ও আন্দামান-নিকোবরের আওতাধীন প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে কলকাতায় তিনটি এবং পোর্ট ব্লেয়ারে দুটি—মোট পাঁচটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্টের রেজিস্ট্রার জারি করা প্রশাসনিক নির্দেশে বলা হয়েছে, Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলির চার্জশিট জমা পড়ার পর সম্ভব হলে তিন মাসের মধ্যেই বিচার শেষ করে রায় ঘোষণা করতে হবে।
নির্দেশ অনুযায়ী, কলকাতার সিটি সেশনস কোর্টের বেঞ্চ-I রাজ্য তদন্তকারী সংস্থার মামলার বিচার করবে। স্পেশাল সিবিআই কোর্ট নং-২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত করা মামলাগুলির শুনানি করবে। পাশাপাশি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালত, কলকাতা তদন্ত, বিচারিক অনুসন্ধান, অভিযোগ গ্রহণ ও প্রাথমিক বিচারপ্রক্রিয়ার দায়িত্ব পালন করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মামলার জন্য পোর্ট ব্লেয়ারের দুটি আদালতকে মনোনীত করা হয়েছে।
সাম্প্রতিক NEET প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও ছাত্র আন্দোলনের আবহে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নফাঁস মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছিলেন।
তদন্তকারী সংস্থার দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় সংঘবদ্ধ অপরাধচক্র, দালাল ও প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক জড়িত। বিপুল পরিমাণ নথি, ডিজিটাল প্রমাণ এবং একাধিক অভিযুক্ত থাকায় এসব মামলার বিচার দীর্ঘ সময় ধরে চলছিল। নতুন বিশেষ আদালত গঠনের ফলে ধারাবাহিক শুনানির মাধ্যমে দ্রুত বিচার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু NEET প্রশ্নফাঁস মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করবে না, ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।