বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সৌজন্য উপহার, পাঠানো হলো ৬০০টি কিউ জাতের আনারস

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 17 h ago
ত্রিপুরা সরকারের তরফে বাংলাদেশে পাঠানো হলো ত্রিপুরার বিশ্বখ্যাত কিউ আনারস। বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে
ত্রিপুরা সরকারের তরফে বাংলাদেশে পাঠানো হলো ত্রিপুরার বিশ্বখ্যাত কিউ আনারস। বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে
 
নূরুল হক / আগরতলা

ভারত বাংলা সম্পর্ককে আরো মজবুত করতে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সৌজন্য উপহার হিসেবে মৌসুমী ফল আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বুধবার আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়।
 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের উদ্দেশে সৌজন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। সেই শুভেচ্ছার প্রতিদান হিসেবেই ত্রিপুরা সরকারের উদ্যোগে রাজ্যের বিখ্যাত সুস্বাদু কিউ (Kew) জাতের আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে।
 
এদিন আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া, কনসালট্যান্ট ড. রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ত্রিপুরার আধিকারিক দেবাশীষ মজুমদারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজজ্যোতি দাস, আধিকারিক সজীব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
 
ত্রিপুরা সরকারের তরফে বাংলাদেশে পাঠানো হলো ত্রিপুরার বিশ্বখ্যাত কিউ আনারস
 
প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের সচিব অপূর্ব রায় আনুষ্ঠানিকভাবে আনারসের প্যাকেট ভারতীয় সহকারী হাই কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দেন। পরে ভারতীয় গাড়ি থেকে আনারসের প্যাকেটগুলো বাংলাদেশের গাড়িতে স্থানান্তর করা হয়।
 
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সৌজন্য উপহার পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মধুর ও আন্তরিক করে তুলবে।
 
দপ্তরের অধিকর্তা ড. ফণিভূষণ জমাতিয়া জানান, এদিন মোট ১০০টি প্যাকেটে রাজ্যের সুস্বাদু কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি প্যাকেটে ৬টি করে মোট ৬০০টি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে উপহার হিসেবে পাঠানো হয়।


শেহতীয়া খবৰ