অসমে ১৫ হাজার লিটার নিরাপদ জল পৌঁছে, প্লাস্টিকও কমাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোগ
Story by Nurul Haque | Posted by Aparna Das • 33 m ago
HN Technovations-এর InstaWater সরবরাহ উদ্যোগ
নূরুল হক / আগরতলা
অসমে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় সুষ্ঠু পানীয় জল ব্যবস্থা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপকের নেতৃত্বে একদল ছাত্রছাত্রী। বন্যার জল বাড়ার সঙ্গে সঙ্গে যখন নিরাপদ পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠে, তখন প্রযুক্তিনির্ভর জল পরিশোধন ব্যবস্থার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে এইচএন টেকনোভেশনস-র ইনস্টা ওয়াটার (HN Technovations-এর InstaWater)। শিবসাগর জেলার বন্যাকবলিত ও দুর্গম এলাকাগুলিতে সংস্থাটির চলমান ত্রাণ অভিযানে এখনও পর্যন্ত ৪০০-র বেশি পরিবার উপকৃত হয়েছে। সরবরাহ করা হয়েছে প্রায় ১৫ হাজার লিটার নিরাপদ পানীয় জল।
শুধু নিরাপদ পানীয় জল সরবরাহই নয়, বোতলজাত জলের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উদ্যোগ। সংস্থার হিসাব অনুযায়ী, প্রায় ১৫০ কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি হওয়া রোধ করা সম্ভব হয়েছে।
শিবসাগর জেলার শানমুখ, নগাঁও, নেপালিখুঁটি-সহ একাধিক দুর্গম ও বন্যাকবলিত এলাকায় চলছে এই ত্রাণ অভিযান। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনের সঙ্গে যৌথভাবে এলাকাগুলিতে তাৎক্ষণিক মোবাইল জল পরিশোধন ব্যবস্থা পরিচালনা করছে ইনস্টা ওয়াটার। এর ফলে বন্যায় দূষিত জল ঘটনাস্থলেই পরিশোধন করে নিরাপদ পানীয় জলে রূপান্তর করা সম্ভব হচ্ছে।
দুর্গম এলাকায় মোবাইল জল পরিশোধন ব্যবস্থা
চলমান অভিযানে একাধিক ইনস্টা ওয়াটার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মধ্যে 'InstaWater COM 5000' প্রতি ঘণ্টায় প্রায় ৩০০ লিটার জল পরিশোধন করতে সক্ষম। পাশাপাশি রয়েছে ' InstaWater Porta Hybrid Box', যা সৌরশক্তিতে রিচার্জ করা যায় এবং নৌকায় বহন করে দুর্গম এলাকায় নিয়ে যাওয়া সম্ভব। নিজস্ব পাওয়ার ব্যাকআপের সাহায্যে এই ব্যবস্থা প্রতি ঘণ্টায় প্রায় ১০০ লিটার নিরাপদ পানীয় জল সরবরাহ করতে পারে।
বন্যার সময় নৌকায় বহনযোগ্য এই প্রযুক্তির গুরুত্ব আরও বেড়ে যায়। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে দেশীয় নৌকাই হয়ে ওঠে দুর্গম এলাকায় পৌঁছানোর অন্যতম প্রধান মাধ্যম। ফলে বিপুল পরিমাণ বোতলজাত জল পরিবহনের পরিবর্তে একটি সম্পূর্ণ মোবাইল জল পরিশোধন ব্যবস্থা সরাসরি বন্যাকবলিত এলাকায় নিয়ে গিয়ে সেখানেই জল পরিশোধন করা সম্ভব হচ্ছে।
শুধু অস মের বন্যা কবলিত এলাকাতেই নয়, ইতিপূর্বে এই ত্রাণ অভিযানে পাঞ্জাবের Jyoti Foundation-ও InstaWater-এর জল পরিশোধন ব্যবস্থায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। এবার সেই পদ্ধতি ভাড়া নিয়ে অসমে বন্যাত্রাণে ব্যবহার করা হয়েছে। নেপালি খুঁ টি-সহ বিভিন্ন বন্যাকবলিত গ্রামের মানুষের কাছে এই ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।
HN Technovations-এর InstaWater সরবরাহ উদ্যোগ
এই প্রসঙ্গে HN Technovations-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরজিৎ নাথ বলেন, যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের একটি আউটরিচ উদ্যোগ হিসেবে। লক্ষ্য ছিল এমন মানুষের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, যাঁরা প্রায়ই এই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, একই প্রযুক্তি আজ তাৎপর্যপূর্ণভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। সম্পদ সীমিত হলেও যেখানে নিরাপদ পানীয় জলের প্রয়োজন, সেখানে তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি অটুট থাকবে বলেও জানান তিনি।
অসমের এই ত্রাণ অভিযান দেখিয়ে দিচ্ছে, স্থানীয়ভাবে তৈরি প্রযুক্তি কীভাবে দ্রুত ও বিকেন্দ্রীভূত উপায়ে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বোতলজাত পানীয় জলের ওপর নির্ভরতা কমিয়ে প্লাস্টিক বর্জ্যও হ্রাস করা সম্ভব হচ্ছে।
আগামী দিনে এনজিও, CSR সংস্থা, সরকারি দফতর, দুর্যোগ মোকাবিলা সংগঠন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও বাড়িয়ে ভারতের অন্যান্য দুর্যোগপ্রবণ ও জলসংকটপূর্ণ এলাকায় InstaWater-এর প্রযুক্তি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে HN Technovations-এর।
অসমের শিবসাগরের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জনস্বাস্থ্য কারিগরি দফতর-এর পক্ষ থেকেও এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে বিকেন্দ্রীভূত ও দ্রুত মোতায়েনযোগ্য জল পরিশোধন ব্যবস্থার গুরুত্বও স্বীকার করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
HN Technovations-এর InstaWater সরবরাহ উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ থেকে সামাজিক উদ্যোগ
InstaWater-এর এই মানবিক কার্যক্রমের সূত্রপাত ২০১৯ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একটি আউটরিচ প্রকল্প হিসেবে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রযুক্তিটির বিকাশ শুরু হয়।
পরবর্তীতে ২০২৩ সাল থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপ ইকোসিস্টেমের মাধ্যমে উদ্যোগটি সামাজিক উদ্যোগে রূপ নেয়। HN Technovations-এর অধীনে InstaWater জল-প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে। গবেষণাগার ও প্রদর্শনের গণ্ডি পেরিয়ে দুর্যোগ মোকাবিলার বাস্তব ক্ষেত্রেও প্রযুক্তিটির ব্যবহার শুরু হয়।
সহজে বহনযোগ্যতা, বিকেন্দ্রীভূত জল পরিশোধন এবং দ্রুত মোতায়েনের সুবিধার কারণে বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হয়ে উঠছে। দুর্গম এলাকার মানুষ, স্কুল এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবহারের কথা মাথায় রেখে সংস্থাটি একাধিক ধরনের বহনযোগ্য জল পরিশোধন ব্যবস্থা তৈরি করছে।