শ্রীভূমি (করিমগঞ্জ)র এক পরিবারই হয়ে উঠল দেশপ্রেমের প্রতীক

Story by  Satananda Bhattacharjee | Posted by  Aparna Das • 1 Months ago
তাছির আলী তাঁর সন্তানদের সঙ্গে
তাছির আলী তাঁর সন্তানদের সঙ্গে
 
শতানন্দ ভট্টাচার্য

শ্রীভূমি (করিমগঞ্জ) র বাসিন্দা তাছির আলীর সাত সন্তান এবং তাদের মধ্যে চারজন ভারতীয় সেনা বাহিনীতে এবং একজন অসম পুলিশে চাকরি করছেন। দেশের সেবায় নিয়োজিত ছেলেদের নিয়ে বাবা হিসেবে গর্বিত তাছির আলী।
 
সেনাবাহিনীতে কর্মরত চার ছেলের মধ্যে দুজন বর্তমানে কাশ্মীরে আছেন, একজন পাঞ্জাবে এবং একজন অসমের উত্তর লখিমপুরে আছেন। অসম পুলিশে কর্মরত ছেলে আছেন হাইলাকান্দিতে। একজন ছেলে পড়াশুনা নিয়েই আছেন এবং একমাত্র মেয়েকে আগেই বিয়ে দিয়েছেন। 

শ্রীভূমির রামকৃষ্ণনগর সংলগ্ন ধলিবিল গ্রামে রয়েছে তাছির আলীর ঘর। তাছির আলীর কাপড়ের দোকান রয়েছে রামকৃষ্ণনগর সদরেই। তাছির আলী সন্তানদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদান নিয়ে পিতা হিসেবে গর্বিত। তাঁর মতে ছেলেদের দেখে অন্যরাও সেনাবাহিনীতে যোগদান করে দেশসেবার কাজে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী হবে।
 
তিনি অবশ্য ছেলেদের সেনাবাহিনী বা পুলিশের চাকরিতে যোগদান করতে সেরকম বিশেষ কোন প্রস্তুতি নেননি। ছোটবেলায় সাধারণভাবেই পড়াশুনা করেছে তাঁরা এবং তাদের উৎসাহের ফলে এবং নিজেদের প্রচেষ্টায় একজন একজন করে সেনাবাহিনীর পরীক্ষায় বসেছে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে কাজে যোগ দিয়েছে।
 
একই পরিবারের এতজন সদস্যের সেনাবাহিনীতে যোগদান বিরল ঘটনা বলেই মনে করছেন গ্রামের অনেকেই। তাঁদের এই অবদান নতুন প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করবে বলেও মত প্রকাশ করেছেন তারা।
 
সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই দেশপ্রেম ও আত্মত্যাগের এই অনন্য উদাহরণকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ।