জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, দুর্ঘটনার আগে পাইলটের নিরাপদে বেরিয়ে আসা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, দুর্ঘটনার আগে পাইলটের নিরাপদে বেরিয়ে আসা
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, দুর্ঘটনার আগে পাইলটের নিরাপদে বেরিয়ে আসা

বার্লিন:

জার্মানির পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে স্প্যাংডাহলেম মার্কিন বিমানঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটে।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগেই পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবার কর্মীরা। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর এলাকায় ধোঁয়া দেখা যায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত এফ-১৬ যুদ্ধবিমানটি মার্কিন সামরিক বাহিনীর ৫২তম ফাইটার উইংয়ের অধীনে ছিল এবং নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ হিসেবে উড়ছিল। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এর আগে কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রেও টেক্সাস ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান মিশিগানে দুর্ঘটনার কবলে পড়েছিল। পরপর দুটি দুর্ঘটনার প্রেক্ষিতে মার্কিন সামরিক বিমান পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে দুই দুর্ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।