শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি; "শিক্ষক রত্ন"- এ ভূষিত মাওলানা আবু নছর আব্দুর রৌফ
নূরুল হক,আগরতলা,
শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন কদমতলার প্রবীণ শিক্ষক মাওলানা আবু নছর আব্দুর রৌফ। রবিবার অসম এবং ত্রিপুরার মৈত্রিক গ্রাম হিসেবে পরিচিত কাঁঠালতলী গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে একসাথে মিশে যায় আসাম এবং ত্রিপুরার ভাষা এবং সংস্কৃতি।
প্রসঙ্গত অসমের শ্রীভূমি জেলার কাঠালতলি এলাকার মাওলানা আবু নছর আব্দুর রৌফ জন্মগতভাবে ত্রিপুরার নাগরিক। দীর্ঘ বছর তিনি ত্রিপুরা সরকারের শিক্ষক হিসেবে চাকরি করেছেন। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তিনি একজন গুণী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। চাকরি থেকে অবসরের পর বর্তমানে তিনি ত্রিপুরা এবং আসামের প্রান্তিক গ্রাম কাঠালতলিতে বসবাস করছেন। তার বর্তমান বাড়ি শ্রীভূমি জেলায় রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি আল হিলাল পত্রিকার সম্পাদক। নিজের শিক্ষকতার আদর্শ এবং সমাজ সেবামূলক কর্মকান্ডের জন্য তিনি কাঠালতলির একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবেও পরিচিত ।
এ বছর শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আশা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, মাওলানা আবু নছর আব্দুর রৌফকে বিশেষ "শিক্ষক রত্ন পুরস্কারে" সম্মানিত করে। কিন্তু তিনি অনুষ্ঠানে যেতে পারেননি বলে ‘আশা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সম্মাননাপত্র সহ পুরস্কারের অন্যান্য সামগ্রী ডাকযোগে তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি আল হিলাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষক রত্ন অ্যাওয়ার্ড’-এর সম্মাননা সামগ্রী মাওলানা আবু নছর আব্দুর রৌফের হাতে তুলে দেন। বিশেষ সম্মান হাতে পেয়ে শিক্ষক রৌফ বলেন, এই ধরনের সম্মাননা শিক্ষা ও সমাজকল্যাণের কাজে আরও উৎসাহ জোগায়।
শিক্ষক রত্ন"- মাওলানা আবু নছর আব্দুর রৌফ
দীর্ঘদিন ধরেই শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন মাওলানা আবু নছর আব্দুর রৌফ। তাঁর তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল হিলাল সাহিত্য পত্রিকার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা, জনস্বার্থ এবং সামাজিক সচেতনতার বিষয় তুলে ধরার কাজও অব্যাহত রয়েছে। সাহিত্য ও সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
এদিনের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক, আলহাজ্ব মাস্টার আব্দুস সাবুর , কুর্তি এইচ এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাওলানা ক্বাজী আব্দুল ক্বাইয়ূম, দারুস্ সাক্বাফাতিল ইসলামীয়াহ্ কাঁঠালতলির মুহতামিম মাওলানা মুহাম্মাদ রিয়াজুদ্দীন আলজলিলী, কাঁঠালতলি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ সায়ীদ আতহার ,কাঁঠালতলি সার্জুল এলপি স্কুলের সহকারী শিক্ষক মাস্টার দিলওয়ার হুসাইন ,আসিমগঞ্জের হাফিজ আহমাদ হাসান সহ আরো অনেক।