নূরুল হক, আগরতলা:
বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তঘেঁষা রাজধানী আগরতলা-সহ পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী এলাকায় রাতের চলাচলের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০০ মিটারের মধ্যে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টর আই এ এসে ড. বিশাল কুমার, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে গত ২১ সেপ্টেম্বর এই নির্দেশ জারি করেন।
জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সদর ও মোহনপুর মহকুমার আওতাধীন সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্দেশটি ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা দিয়ে অনুপ্রবেশ এবং মিসক্রিয়েন্টদের গতিবিধির আশঙ্কা রয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে। সেই কারণেই রাতের সময় সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের চলাচলে এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তবে জরুরি পরিষেবা ও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সেনা, আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যরা, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুর মহকুমার এসডিএমের অনুমোদিত ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন। এছাড়া জরুরি সরকারি কাজে নিয়োজিত কর্মী এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের চলাচলেও ছাড় দেওয়া হয়েছে।
নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ২২৩ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে।দুর্গাপূজার আগে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিএসএফ, মহকুমা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।