১২ মার্চ বসছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

Story by  atv | Posted by  Aparna Das • 16 h ago
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন
 
ঢাকা

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বেলা ১১টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
 
প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এ অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণসহ গুরুত্বপূর্ণ কার্যসূচি রয়েছে। অধিবেশনজুড়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।
 
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকার–এর। এরপর দেড় বছর পর চলতি মাসের ১২ তারিখ অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতেই হবে, সে অনুযায়ীই এই অধিবেশন শুরু হচ্ছে।
 
তবে অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, দ্বাদশ সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগের পর আর প্রকাশ্যে দেখা দেননি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় বর্তমানে কারাগারে। ফলে নির্বাচন–পরবর্তী পরিস্থিতিতে গত মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
 
সব মিলিয়ে, ১২ মার্চের প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদের উদ্বোধনী কার্যক্রম কার সভাপতিত্বে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।