বাংলাদেশের নারায়ণগঞ্জে মন্দিরে হামলার পর প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
বাংলাদেশের নারায়ণগঞ্জে মন্দিরে হামলার পর প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ
বাংলাদেশের নারায়ণগঞ্জে মন্দিরে হামলার পর প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ
ঢাকা ঃ
 
বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে গভীর রাতে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ হামলার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি কালিপদ দাস জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে ৮ থেকে ১০ জন ব্যক্তি লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা ভাঙচুর করে এবং চেয়ার, রান্নার পাতিল, বৈদ্যুতিক লাইটসহ বিভিন্ন সামগ্রী নষ্ট করে। প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

হামলাকারীরা পরে দাহ্য পদার্থ ঢেলে মন্দিরে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন কালিপদ দাস। এতে মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি। তাঁর দাবি, মন্দিরের জমি নিয়ে পাশের সিংলাব এলাকার জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এর আগেও ভয়ভীতি ও হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তিনি বলেন, জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং তিনি আইনগত উপায়ে সমাধান চান। মন্দিরে হামলার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাকির।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান জানান, মন্দির কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।