নাগরিকত্ব ও আইনি অধিকার মেনেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, পাসপোর্ট-এনআইডির আবেদন ঘিরে জোর চর্চা
ঢাকাঃ
বাংলাদেশে ফেরার পথ খুঁজছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশে ফেরার আগে নাগরিকত্বের অধিকার এবং আইনি প্রক্রিয়া মেনেই এগোতে চান তিনি। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য তাঁর আইনজীবীদের করা আবেদন ঘিরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত সোমবার শেখ হাসিনার আইনজীবীরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন। তাঁদের যুক্তি, রাজনৈতিক পরিস্থিতি বা তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া যা-ই হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত নাগরিকত্ব ও দেশে ফেরার অধিকারের বিষয়টিও তাঁরা সামনে এনেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের পর্যালোচনা করা আবেদনপত্রেও এই যুক্তিগুলি তুলে ধরা হয়েছে।
তবে আবেদনটি ঘিরে বাংলাদেশের সরকারের অবস্থান যথেষ্ট কঠোর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ অনুযায়ী শেখ হাসিনা নতুন পাসপোর্ট পাওয়ার যোগ্য নন। তাঁর বক্তব্য, নির্দিষ্ট অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চায় ঢাকা।
এই পরিস্থিতিতে সামনে আসছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির বিষয়টি। ২০১৩ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট আইনি শর্ত পূরণ হলে এক দেশ অন্য দেশের কাছে বিচার বা সাজা কার্যকরের জন্য অভিযুক্ত কিংবা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ আইনি প্রক্রিয়া মেনেই বিবেচনা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।
এখন তাঁর আইনজীবীদের দাবি, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। কিন্তু পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন, প্রত্যর্পণ চুক্তি এবং বাংলাদেশের আদালতের রায়—সব মিলিয়ে তাঁর প্রত্যাবর্তনের পথ কতটা সহজ হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।