ঢাকার বস্তি এলাকাকে দিল্লি সাজিয়ে প্রচার! ভারতকে হেয় করার অভিযোগে চিনা ভ্লগারদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 7 h ago
ঢাকার বস্তি এলাকাকে দিল্লি সাজিয়ে প্রচার! ভারতকে হেয় করার অভিযোগে চিনা ভ্লগারদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশ
ঢাকার বস্তি এলাকাকে দিল্লি সাজিয়ে প্রচার! ভারতকে হেয় করার অভিযোগে চিনা ভ্লগারদের উপর নজরদারি বাড়াল বাংলাদেশ
 
ঢাকা/নয়াদিল্লি: 

বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বসতি এলাকাগুলির ছবি ও ভিডিও তুলে সেগুলিকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করার অভিযোগ উঠেছে একদল চিনা ভ্লগারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ভারতের আপত্তির পর এবার ওই চিনা নাগরিকদের উপর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি। ইতিমধ্যেই তাঁদের ভিডিও তৈরির কার্যকলাপ অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

দিল্লি বলে চালানো হচ্ছে ঢাকার ছবি!

বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরা ও টেকপাড়া এলাকায় প্রায় ১৫০ জন চিনা নাগরিককে বিভিন্ন গলি, বস্তি ও নিম্ন আয়ের মানুষের বসতিতে ঘুরে ঘুরে ভিডিও করতে দেখা গিয়েছে। চিনের বিভিন্ন সমাজমাধ্যমে তাঁরা সরাসরি সম্প্রচারও করছিলেন। অভিযোগ, ঢাকার ওই এলাকাগুলিকে নয়াদিল্লির বিভিন্ন অঞ্চল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, বাড়িঘর, খাবার ও পরিবেশ নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভ্লগাররা অনেক সময় তাঁদের অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে প্রবেশ করে ছবি ও ভিডিও তুলেছেন। সেই ফুটেজ কোথায় প্রকাশ করা হচ্ছে কিংবা কী ধরনের মন্তব্যের সঙ্গে তা প্রচার করা হচ্ছে, সে সম্পর্কেও বাসিন্দাদের কোনও ধারণা ছিল না। 

পর্যটক ভিসায় এসে কীভাবে এই কাজ?

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে পর্যটক ভিসায় আসা ওই চিনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা দেখাতে বলা হয়েছে। পর্যটক হিসেবে বাংলাদেশে এসে কেন তাঁরা এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের পর চিনা ভ্লগারদের কার্যকলাপ কমেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের গতিবিধির উপর নজর রাখছে। তবে এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না কিংবা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে কোনও আইনি পদক্ষেপ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। 

কড়া প্রতিক্রিয়া ভারতের

গত ১০ নভেম্বর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি দেশ সম্পর্কে বিকৃত ছবি তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি নাগরিকদের ব্যবহার করে মিথ্যা প্রচার চালানো হলে তা সংশ্লিষ্ট ব্যক্তি এবং এর নেপথ্যে থাকা পক্ষগুলির বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলবে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি। 

তবে এই ভিডিও তৈরির পিছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা এখনও নিশ্চিত নয়। কোনও সংগঠিত অপপ্রচার অভিযান চলছে কি না, সে বিষয়েও চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। ফলে গোটা ঘটনায় তদন্ত ও বাংলাদেশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।


শেহতীয়া খবৰ