শিলিগুড়ি
গভীর ঘুমের মধ্যেই আচমকা কেঁপে উঠল ঘরবাড়ি। বৃহস্পতিবার ভোররাতে ভূমিকম্পে আতঙ্ক ছড়াল উত্তরবঙ্গের পাহাড় ও সমতল-সহ সিকিমের বিভিন্ন এলাকায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলির প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নেপালের কোশী প্রদেশের প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভারতের দার্জিলিং থেকে এর অবস্থান প্রায় ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। নেপালে উৎপন্ন এই কম্পনের প্রভাব পড়ে ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভুটান ও চিনের বিভিন্ন এলাকাতেও।
উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। আচমকা ঘরবাড়ি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন অনেক বাসিন্দা। ভোররাতে ঘুম ভেঙে যাওয়ায় নিরাপত্তার কথা ভেবে কেউ কেউ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। যদিও অনেকেই গভীর ঘুমে থাকায় কম্পন টের পাননি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে এই ভূমিকম্প নতুন করে হিমালয় অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। চোপড়া কলেজের অধ্যক্ষ তথা ভূ-গবেষক মধুসূদন কর্মকারের ব্যাখ্যা, গোটা হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। তাঁর কথায়, হিমালয় ও তার পাদদেশ ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। অন্যদিকে রয়েছে ইউরেশীয় প্লেট। ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার উত্তর দিকে এগিয়ে গিয়ে ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে। এই দুই প্লেটের সংঘর্ষের ফলেই ভূগর্ভে বিপুল চাপ তৈরি হচ্ছে, যা বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়ায়।
প্রসঙ্গত, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) সমীক্ষার ভিত্তিতে তৈরি দেশের হালনাগাদ ভূমিকম্পপ্রবণ অঞ্চল মানচিত্রে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সিকিমের সমস্ত জেলাকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে রিখটার স্কেলে ৮ থেকে ১০ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার ভোরের কম্পনে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও বিশেষজ্ঞদের সতর্কবার্তা ফের মনে করিয়ে দিচ্ছে, ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে উত্তরবঙ্গ ও সিকিম অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। তাই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।