স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যের বিরল দৃশ্য! ‘ভারত আমাদের আসল বন্ধু’ মিষ্টিমুখ করিয়ে বিশ্বকে বড় বার্তা বাংলাদেশের

Story by  Tarun Nandi | Posted by  Sudip sharma chowdhury • 22 h ago
স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যের বিরল দৃশ্য! ‘ভারত আমাদের আসল বন্ধু’ মিষ্টিমুখ করিয়ে বিশ্বকে বড় বার্তা বাংলাদেশের
স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যের বিরল দৃশ্য! ‘ভারত আমাদের আসল বন্ধু’ মিষ্টিমুখ করিয়ে বিশ্বকে বড় বার্তা বাংলাদেশের
 
তরুণ নন্দী, কলকাতাঃ

সীমান্তজুড়ে আজ শুধুই সৌজন্যের বাতাবরণ। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ মৈত্রীর এক সুন্দর মুহুর্তের সাক্ষী থাকল বসিরহাটের সীমান্ত। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে দেখা গেল দুদেশের সৌহার্দ্য, সম্প্রীতি আর অমলিন বন্ধুত্বের সম্পর্ক।
 

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে জাতীয় পতাকা উত্তোলনের পর হাত মিলিয়ে একে অপরকে কুশল বিনিময় করলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ১০২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিকরা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থ্যাৎ বিজিবি-র হাতে তুলে দিলেন মিষ্টি। দুদেশের এই শুভেচ্ছা বিনিময়ে আনন্দের পরিবেশ তৈরি হল সীমান্তে। বলা ভালো, এদিনের এই কর্মসূচি ছিল দুই প্রতিবেশী দেশের চিরন্তন সুসম্পর্কের এক মধুর প্রতিফলন।
 
জিরো পয়েন্ট থেকে শুরু করে সীমান্তের বিভিন্ন আউটপোস্টে ছড়িয়ে পড়ল এই সুন্দর মুহুর্তের মেজাজ। বিএসএফ ও বিজিবি জওয়ানদের পাশে দাঁড়িয়ে আনন্দের উচ্ছ্বাসে ভাসলেন স্থানীয় ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী এবং জনপ্রতিনিধিরাও।দুদেশের মধ্যে এই সৌহাদ্য বিনিময়ের পর বাংলাদেশ সরকারের আধিকারিক আব্দুল হামিদ জানালেন, প্রতিবেশী দেশে ভারত আমাদের বন্ধু। আমাদের দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রয়েছে। যে কোনো প্রয়োজনে আমরা একে অপরের পাশে থাকি। বিশেষ করে বলতে হয় আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের অবদানের কথা বাংলাদেশ কখনো ভুলবে না।
 
দুদেশের এই শুভেচ্ছা বিনিময়ে আনন্দের পরিবেশ
 
বাংলাদেশের আধিকারিকের মুখে এই কথা প্রমাণ করল, দুদেশের কূটনৈতিক ওঠাপড়া যেখানেই থাকুক না কেন, বাঙালির আত্মিক টান ছেঁড়া কঠিন। বিজেপি নেতা ডাঃ শৌর্য ব্যানার্জিও সুর মেলালেন আব্দুল হামিদের কথাতেই। তিনি বললেন, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও শিকড় একই সূত্রে গাঁথা। রাজনৈতিক বা সামরিক সীমানা নিয়ে সম্পর্কের ওঠানামা চললেও দুদেশের মৈত্রীর সম্পর্ক অক্ষুণ্ণ ছিল আর ভবিষ্যতেও থাকবে।
 
৮০তম স্বাধীনতা দিবসের সকালে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত কার্যত সাক্ষী রইল এক উজ্জ্বল মুহূর্তের। ইতিহাস আর কাঁটাতারের মাঝে দাঁড়িয়ে থাকা দুই প্রতিবেশী দেশ এদিন যেন বুঝিয়ে দিল মিষ্টির স্বাদের মতোই দ্বিপাক্ষিক সম্পর্কের মাধুর্য অটুট থাকবে চিরকাল।


শেহতীয়া খবৰ