স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা, ইতিহাসের পাতায় মুসলিম সংগ্রামীদের অবদান তুলে ধরল সোনামুড়ার রাঙ্গামাটিয়া মাদ্রাসা

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 23 h ago
স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা, ইতিহাসের পাতায় মুসলিম সংগ্রামীদের অবদান তুলে ধরল সোনামুড়ার রাঙ্গামাটিয়া মাদ্রাসা
স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা, ইতিহাসের পাতায় মুসলিম সংগ্রামীদের অবদান তুলে ধরল সোনামুড়ার রাঙ্গামাটিয়া মাদ্রাসা
 
নূরুল হক / আগরতলা

দেশজুড়ে যখন পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস, তখন ত্রিপুরার সোনামুড়ার রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো স্বাধীনতার উৎসব। ধর্মীয় টুপি মাথায়, ধর্মীয় পোশাকে জাতীয়তাবোধে উৎফুল্ল হয়ে ওঠেন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, বন্দেমাতরম, তিরঙ্গা র‍্যালি এবং দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।
 
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন শিক্ষক ও হুজুররা। দেশের জন্য আত্মত্যাগ, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভারতীয় সংবিধানের মূল্যবোধকে সামনে রেখে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে ব্রিটিশবিরোধী সংগ্রামে মুসলিম সমাজের ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক আলোচিত হয়।
 
বক্তব্যে উঠে আসে টিপু সুলতান, ১৮৫৭-এর মহাবিদ্রোহের বাহাদুর শাহ জাফর, বেগম হযরত মহল, মৌলভি আহমদুল্লাহ শাহ, বখত খান, মাওলানা ফজলে হক খৈরাবাদি থেকে শুরু করে মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী, উবায়দুল্লাহ সিন্ধী, মাওলানা আবুল কালাম আজাদ এবং শহীদ আশফাকউল্লাহ খানের মতো ব্যক্তিত্বদের নাম। তাঁদের সংগ্রাম, কারাবরণ, আত্মত্যাগ এবং দেশপ্রেমের কথা তুলে ধরে বলা হয়, ভারতের স্বাধীনতা কোনো একটি ধর্ম, জাতি বা সম্প্রদায়ের একক অর্জন নয়।
 
১৮৫৭-এর মহাবিদ্রোহ থেকে শুরু করে অসহযোগ, খিলাফত, আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলন, বিভিন্ন পর্যায়ে হিন্দু-মুসলিমসহ দেশের নানা সম্প্রদায়ের মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে সত্য ও সম্মানের সঙ্গে তুলে ধরা জরুরি বলেও মত প্রকাশ করেন বক্তারা।
 
ত্রিপুরার সোনামুড়ার রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসায় উদযাপিত স্বাধীনতার উৎসব
 
রাঙ্গামাটিয়া মাদ্রাসার এই স্বাধীনতা দিবসের আয়োজনে তাই শুধু একটি জাতীয় দিবস উদযাপনই নয়, ইতিহাসের স্মৃতি, দেশপ্রেম এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও সামনে আসে। তিরঙ্গা হাতে ছাত্রছাত্রীদের র‍্যালি এবং ‘ভারত মাতা কি জয়’-সহ জাতীয় স্লোগানে মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
 
অনুষ্ঠানের শেষপর্বে দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার, শহীদদের আত্মত্যাগকে সম্মান করার এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানানো হয়।
 
রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসার স্বাধীনতা দিবসের এই আয়োজন যেন আরও একবার মনে করিয়ে দিল, ধর্ম যার যার, দেশ সবার; আর স্বাধীনতার ইতিহাসও সকল ভারতবাসীর সম্মিলিত গৌরবের ইতিহাস।
 
ত্রিপুরার সোনামুড়ার রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসায় উদযাপিত স্বাধীনতার উৎসব
 
স্বাধীনতার ৮০ বছরে সেই ইতিহাসকে সামনে রেখে সম্প্রীতি, মানবতা, ন্যায় ও দেশপ্রেমের বন্ধন আরও শক্তিশালী করারই অঙ্গীকার উঠে এলো সোনামুড়ার রাঙ্গামাটিয়া মাদ্রাসা থেকে। পরে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি তিরঙ্গা রেলি বের হয় এবং শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে।


শেহতীয়া খবৰ