নয়া দিল্লি
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদকমুক্তি চিকিৎসাকেন্দ্রে সোমবার সন্ধ্যায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ করেছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পূর্ব আফগানিস্তানে তাদের পরিচালিত হামলা কোনো জনবহুল এলাকায় আঘাত করেনি।
আফগান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত এক্স-এ প্রকাশিত একটি পোস্টে জানান, কাবুলের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে চালানো এই বিমান হামলায় ২০০০ শয্যাবিশিষ্ট ওই প্রতিষ্ঠানের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। তিনি জানান, এই হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু এবং প্রায় ২৫০ জন আহত হয়েছে।
হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধারকাজ শুরু করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট এই হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বেনেট নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে কাবুল ও ইসলামাবাদ, উভয় পক্ষকেই উত্তেজনা কমানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন মেনে চলারও আহ্বান জানান।