বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা বা মামলার নতুন করে বিচারের কোনও আইনি সুযোগ নেই বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই মামলায় নতুন করে বিচারের কোনও বিধান নেই।
হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই মন্তব্য করেছেন আমিনুল ইসলাম। সংবাদমাধ্যমের একাংশের দাবি, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত দুটি শর্তের কথা জানিয়েছে। তার মধ্যে অন্যতম হল মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা বা নতুন করে আপিলের সুযোগ দেওয়া। তবে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।
ভারতের তরফে এমন শর্তের প্রসঙ্গ উঠতেই আমিনুল ইসলাম তা ‘উদ্ভট’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, একই অপরাধের জন্য একবার বিচার হওয়ার পর ফের বিচার করার কোনও আইনি সুযোগ বাংলাদেশের আইনে নেই। সরকার, ট্রাইব্যুনাল কিংবা প্রধান প্রসিকিউটর—কেউই আইনের বাইরে গিয়ে কাউকে নতুন করে বিচারের সুযোগ দিতে পারেন না।
প্রধান প্রসিকিউটর আরও জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। কিন্তু শেখ হাসিনা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তাঁর আপিলের আইনি সময়সীমা পেরিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। এই অবস্থায় নতুন করে আপিল বা বিচার প্রক্রিয়া শুরু করার সুযোগ নেই বলেই তাঁর মত।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেই সময় থেকেই ভারতে রয়েছেন হাসিনা। তাঁকে বাংলাদেশে ফেরানোর জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ করার কথা জানিয়েছে ঢাকা।
তবে হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশের আইনজীবী মহলে ভিন্নমত রয়েছে। কিছু আইনজ্ঞের মতে, বিশেষ পরিস্থিতিতে বিলম্বের কারণ দেখিয়ে আবেদন কিংবা সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনে প্রতিকারের আবেদন বিবেচিত হতে পারে। যদিও প্রধান প্রসিকিউটর এই ধরনের আইনি সম্ভাবনার কথা মানতে নারাজ।
ফলে হাসিনার প্রত্যর্পণ এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রশ্ন ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের আইনি মহলেও বিতর্ক অব্যাহত রয়েছে।