বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার? নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন, ডিসেম্বরেই প্রত্যাবর্তনের জল্পনা
নয়াদিল্লি
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে কি এবার বাংলাদেশে ফিরতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? সেই জল্পনাই নতুন করে জোরালো হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (National ID Card) চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। এই আবেদন মঞ্জুর হওয়ার উপরই অনেকটা নির্ভর করছে তাঁর দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি।
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় পর নতুন পাসপোর্টের জন্য তাঁর এই আবেদনকে দেশে ফেরার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কেন প্রয়োজন নতুন পাসপোর্ট?
আইনজীবীদের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছিল। তবে তিনি বাংলাদেশের নাগরিক। সেই নাগরিকত্বের ভিত্তিতেই তাঁর নামে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানানো হয়েছে।
সূত্রের দাবি, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান হাসিনা। সেই কারণেই বৈধ পাসপোর্ট তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাসে দেশে ফেরার যে ইচ্ছার কথা তিনি আগেই জানিয়েছিলেন, এবার সেই লক্ষ্যেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছেন বলে খবর।
প্রত্যর্পণ নাকি নাগরিকত্বের অধিকার?
শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। ২০২৫ সালে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আন্দোলন দমনে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে হাসিনা বরাবরই এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন।
অন্যদিকে, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার চাইছে, পাসপোর্ট ইস্যুর পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত যেন তাঁকে বাংলাদেশে ফেরত পাঠায়। ফলে হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপড়েনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে আবেদন নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার হাতে নতুন পাসপোর্ট কবে আসবে এবং ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।