হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদযাপন ট্রাম্পের, প্রদীপ জ্বালিয়ে দিলেন সম্প্রীতির বার্তা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদযাপন ট্রাম্পের, প্রদীপ জ্বালিয়ে দিলেন সম্প্রীতির বার্তা
হোয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উদযাপন ট্রাম্পের, প্রদীপ জ্বালিয়ে দিলেন সম্প্রীতির বার্তা

ওয়াশিংটন:

হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যক্তিত্ব ও কূটনীতিকদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণা, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদ্যোগপতি বিশাল গোন্ডালের দেওয়া বিশেষ উপহার। তিনি ট্রাম্পের হাতে তুলসীদাস রচিত ‘হনুমান চালিসা’ তুলে দেন। গোন্ডাল সমাজমাধ্যমে অনুষ্ঠানের ছবি ভাগ করে জানান, এই উপহার দেওয়ার মাধ্যমে তিনি সাহস, ভক্তি ও শক্তির প্রতীক হনুমানজির বন্দনাকে তুলে ধরতে চেয়েছেন। প্রদীপ জ্বালানোর মুহূর্তে তাঁর প্রার্থনা ছিল ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হোক এবং বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য প্রতিষ্ঠিত হোক।

উল্লেখ্য, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের ঐতিহ্য শুরু হয়েছিল ২০০৩ সালে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে। ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছিলেন। সেই ঐতিহ্যই বজায় রাখলেন ট্রাম্প।



শেহতীয়া খবৰ