বাউল সংস্কৃতির উপর হামলা মৌলবাদীদের; বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে আগরতলার সংস্কৃতিপ্রেমীরা

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 12 d ago
বাউল সংস্কৃতির উপর হামলা মৌলবাদীদের; বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে আগরতলার সংস্কৃতিপ্রেমীরা
বাউল সংস্কৃতির উপর হামলা মৌলবাদীদের; বাংলাদেশ রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবে আগরতলার সংস্কৃতিপ্রেমীরা
নূরুল হক,আগরতলা:


প্রতিবেশী বাংলাদেশে গণহারে বাউল সংস্কৃতির উপর মৌলবাদী আক্রমণের প্রতিবাদে সে দেশের রাষ্ট্রপতিকে গণহারে পোস্ট কার্ডে চিঠি পাঠাবেন আগরতলার লেখক শিল্পী এবং সংস্কৃতি প্রেমীরা।
 
বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ছয়টায় আগরতলায় রবীন্দ্রভবনে প্রাঙ্গনে এই পোস্ট কার্ডে চিঠি পাঠানোর কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রাষ্ট্রপতির উদ্দেশ্যে পোস্ট কার্ডের চিঠি পাঠাতে ৯০ মিনিটের জন্য রবীন্দ্র মূর্তির পাদ দেশে বসানো হবে নস্টালজিক ডাক বাক্স। চিঠির প্রতিলিপি পাঠানো হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে।
 
বাংলার সংস্কৃতি বলয়ের পক্ষে বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন ১৫ মাস আগে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সে দেশের লেখক শিল্পীদের উপর যে ঘৃণ্য আক্রমণ নামিয়ে আনা হয়েছে তা সত্যিই অভাবনীয়। অতি সম্প্রতি বাউল সম্প্রদায়ের উপর তীব্র আক্রমণ হানা হচ্ছে সে দেশে। বাংলাদেশের মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে স্বাধীন মত প্রকাশে বাঁধা দিয়ে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন করা হচ্ছে সকল বাউল শিল্পীদের ওপর। বাউল সংস্কৃতি বা বাউল দর্শন সার্বিকভাবে বাংলা সংস্কৃতির অতি গুরুত্বপূর্ণ উপাদান।
 
বাউলদের ওপর এই আক্রমণ বাংলা সংস্কৃতির বেদিমূলে কুঠারাঘাত করছে। বাংলাদেশে বাউল সহ লেখক শিল্পীদের ওপর অকথ্য নির্যাতন বন্ধ করতে এবং বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে আগরতলার লেখক শিল্পী ও শিল্পানুরাগী মানুষরা সে দেশের রাষ্ট্রপতিকে গণচিঠি দিচ্ছেন।
 
ভারত সরকার ও ত্রিপুরা সরকারকে প্রতিলিপি দিয়ে বাংলাদেশের মৌলবাদীদের  এই ধরনের বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ প্রয়াস গ্রহণ করেছে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ।