শুধু ধর্ম নয়, কর্মেও এগিয়ে ত্রিপুরা সূরা ইমাম কমিটি, ব্যক্তিগত খরচে পরিবারের কাছে পাঠালেন মৃতদেহ
নূরুল হক, আগরতলা
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের পাথরকান্দি এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল নোমান সাহেব। তিনি ত্রিপুরার আগরতলা উত্তর গজারিয়া মসজিদের ইমাম ছিলেন। গত ১২ বছর যাবত তিনি এই মসজিদে ইমামতি করছেন।
গত শনিবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বিশালগড় গিয়েছিলেন তিনি। রাতে ফেরার পথে শেকেরকুট রাস্তার মাথা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা নোমান সাহেবের মৃত্যুর পর তার পরিবারের সামনে দেখা দেয় আরেকটি বড় সংকট। আগরতলা থেকে অসমের পাথরকান্দি পর্যন্ত মরদেহ নিয়ে যেতে গাড়ি ভাড়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন দেখা দেয়। সেই টাকার ব্যবস্থা করার আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের। এমন কঠিন সময়ে মানবতার হাত বাড়িয়ে দেন ত্রিপুরা রাজ্য সূরা ইমাম কমিটি এবং বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া।
ত্রিপুরা সূরা ইমাম কমিটি ও বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া
তাদের উদ্যোগে ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করা হয় এবং একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মরহুমের মরদেহ কফন বন্দি করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, মরহুমের কাফন-দাফনের খরচের জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সকলের সম্মিলিত সহযোগিতায় মাওলানা নোমান সাহেবের মরদেহ জিবি হাসপাতাল থেকে বের করা হয়। পরে গাড়িতে তুলে মরদেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।
মরদেহ পাঠানোর পূর্বে জিবি হাসপাতালের মর্গের সামনে ত্রিপুরা রাজ্য সূরা ইমাম কমিটির সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করেন। উপস্থিত সকলেই আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন।
ইমামের বিদায়, এক যুগের অবসান
এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। যে ইমামরা শুধুমাত্র আল্লাহর উপাসনায় দিন কাটিয়ে দেন তারাও যে পরিস্থিতির নিরিখে কতটা মানবিক ভূমিকায় এগিয়ে আসতে পারেন তার প্রমাণ তুলে ধরেছেন ত্রিপুরা রাজ্য সূরা ইমাম কমিটি সদস্য সহ, সমাজসেবী শাহ আলম মিয়া ।
তাদের এই মহৎ উদ্যোগ সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।