পরকীয়া স্বীকারের পরই বিতর্কে Nvidia CEO! চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্ত, ধাক্কা খেল সংস্থার শেয়ার

Story by  atv | Posted by  Aparna Das • 9 h ago
পরকীয়া স্বীকারের পরই বিতর্কে Nvidia CEO! চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্ত, ধাক্কা খেল সংস্থার শেয়ার
পরকীয়া স্বীকারের পরই বিতর্কে Nvidia CEO! চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে তদন্ত, ধাক্কা খেল সংস্থার শেয়ার
 
নিউইয়র্ক / সান ফ্রান্সিসকো 

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থার শীর্ষপদে রয়েছেন তিনি। তাঁর হাত ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। কিন্তু এবার প্রযুক্তিগত সাফল্য নয়, ব্যক্তিগত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে সংবাদ শিরোনামে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পরই তাঁর সংস্থাকে ঘিরে শুরু হয়েছে তদন্ত। আর এই বিতর্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
 
৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং সম্প্রতি এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের ব্যক্তিগত জীবনের ভুল স্বীকার করেন। তিনি জানান, স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন এবং তাঁর আচরণে স্ত্রী ও সন্তানরা আঘাত পেয়েছেন। এই ঘটনার জন্য পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে এই সম্পর্কের আড়ালে কোনও তথ্য পাচার হয়েছে কি না, তা নিয়ে এখনও কোনও অভিযোগ স্বীকার করেননি জেনসেন।
 
বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং নামে এক চিনা ব্যবসায়ী। তিনি সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক। মার্কিন গোয়েন্দা সংস্থার সন্দেহ, অ্যালিস চিনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন এবং এনভিডিয়ার উন্নতমানের এআই চিপ চিনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।
 
এই পরিস্থিতিতে ৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালন পর্ষদ স্বাধীন তদন্তের ঘোষণা করে। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত এমন কোনও প্রমাণ নেই যে মার্কিন জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের সঙ্গে আপস করা হয়েছে। তবে যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেনসেন। সংস্থার সিইও পদেও তিনি বহাল থাকছেন।
 
এই বিতর্কের মধ্যেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে এনভিডিয়া। সোমবার সংস্থার শেয়ারের দর প্রায় ৪.৩ শতাংশ কমে যায়। ফলে একদিনে সংস্থার বাজারমূল্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার কমেছে। অন্যদিকে, জেনসেনের ব্যক্তিগত সম্পদের মূল্যেও আনুমানিক ৭.১ বিলিয়ন ডলারের প্রভাব পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। 
 
এদিকে, চিনের বিদেশ মন্ত্রক এই গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চিনের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। ফলে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক ক্রমশ মার্কিন-চিন প্রযুক্তিগত প্রতিযোগিতার সঙ্গেও জড়িয়ে পড়ছে। 
 
উল্লেখ্য, এর কয়েক দিন আগেই বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালকে ঘিরে ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতির অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ, বিনিয়োগকারীদের অনুমতি ছাড়াই তাঁদের অ্যাপল, এনভিডিয়া, টেসলা-সহ একাধিক মার্কিন সংস্থার শেয়ার বিক্রি করে চিনের একটি সংস্থার শেয়ার কেনা হয়েছিল। তবে এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগসূত্র এখনও সামনে আসেনি। 
 
প্রযুক্তির দুনিয়ায় সাফল্যের শিখরে থাকা জেনসেন হুয়াংয়ের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। ব্যক্তিগত জীবনের বিতর্ক, সম্ভাব্য বিদেশি গুপ্তচরবৃত্তির যোগ এবং বিনিয়োগকারীদের আস্থা, সবকিছুরই পরীক্ষা হতে চলেছে আগামী দিনে।


শেহতীয়া খবৰ