চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ফের খারিজ, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 9 h ago
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ফের খারিজ, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ফের খারিজ, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী
 
চট্টগ্রাম: 

আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও খারিজ করেছে আদালত। একইসঙ্গে মামলার রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লে এজলাসে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত ঘটনার বিবরণ দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করার পর আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।

শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভার্চুয়ালি আদালতে অংশ নেন। অপর আসামিদের কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা এদিন শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। পরবর্তী জেরার জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। একই শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনও খারিজ করেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়।

আদালতের সর্বশেষ নির্দেশের ফলে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা অব্যাহত থাকবে এবং মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


শেহতীয়া খবৰ