কলকাতা সফর ঘিরে বিতর্ক, বামেদের কড়া আক্রমণ তসলিমা নাসরিনের; 'প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলছে'

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
কলকাতা সফর ঘিরে বিতর্ক, বামেদের কড়া আক্রমণ তসলিমা নাসরিনের; 'প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলছে'
কলকাতা সফর ঘিরে বিতর্ক, বামেদের কড়া আক্রমণ তসলিমা নাসরিনের; 'প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলছে'
 
কলকাতা:
 
 প্রায় দুই দশক পর আগামী ১ আগস্ট কলকাতায় আসছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্রসদনে 'সেক্যুলার মিশন' এবং সহযোগী সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কলকাতা সফরকে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে বামপন্থী নেতাদের কড়া সমালোচনা করেছেন তসলিমা।

 
ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, "এই বামরা কি কোনও দিন মানুষ হবেন না? আর কত দিন তাঁরা প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলে যাবেন?"

তাঁর দাবি, কলকাতায় আসার বিষয়টি নিয়ে কিছু বাম নেতা অযথা রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছেন। তিনি স্পষ্ট করে জানান, তাঁকে কলকাতায় নিয়ে আসছে না বিজেপি বা পশ্চিমবঙ্গ সরকার। একটি বেসরকারি সংগঠনের আমন্ত্রণেই তিনি আসছেন। রাজ্য সরকারের ভূমিকা শুধুমাত্র তাঁর নিরাপত্তা নিশ্চিত করা, যা যে কোনও রাজ্যে কোনও অতিথির ক্ষেত্রেই প্রশাসনের স্বাভাবিক দায়িত্ব।

পোস্টে তিনি লেখেন, "আমাকে কি বিজেপি কলকাতায় নিয়ে যাচ্ছে? না। আমাকে কি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে যাচ্ছে? না। পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকার শুধু আমার নিরাপত্তার ব্যবস্থা করছে। আমি যে রাজ্যেই যাই, সেখানে যে দলেরই সরকার থাকুক, সেই সরকারই নিরাপত্তার ব্যবস্থা করে।"

তসলিমার অভিযোগ, যাঁরা একসময় তাঁকে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করেছিলেন, তাঁরাই এখন কলকাতায় ফেরার ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। তাঁর কথায়, "আমি কলকাতায় পা রাখলেই নাকি আমি হিন্দুত্ববাদী, আমি বিজেপি, আমি আরএসএস।"

নিজের বক্তব্যের সমর্থনে তিনি কেরলের উদাহরণ টেনে বলেন, বাম শাসনের সময়ও তিনি একাধিকবার কেরল গিয়েছেন এবং সেখানে জেড প্লাস নিরাপত্তা পেয়েছিলেন। তখন তাঁকে কেউ 'বামপন্থী' তকমা দেয়নি। এখন কেন তাঁকে 'আরএসএস' বলে আখ্যা দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

মুসলিম সমাজে সংস্কার ও নারী-পুরুষের সমানাধিকারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তসলিমা দাবি করেন, তিনি মুসলিম সমাজকে শিক্ষা, বিজ্ঞানমনস্কতা ও মানবাধিকারের পথে এগিয়ে নিতে চান। তাঁর অভিযোগ, বামপন্থী নেতাদের একাংশ এই অবস্থান মেনে নিতে পারেন না এবং ধর্মীয় মৌলবাদীদের তুষ্ট করার রাজনীতি করেন।

তিনি আরও লেখেন, কিছু বাম সমর্থক তাঁর সাহিত্য নিয়েও প্রশ্ন তোলেন। তবে কোনও লেখকের সাহিত্যমান নিয়ে বিতর্ক থাকলেও, তার জন্য কি কাউকে নির্বাসিত করা বা তাঁর মাথার দাম ঘোষণা করা যায়—এই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, একজন লেখকের মূল্যায়ন পাঠক ও সময় করবে, কিন্তু মতপ্রকাশের জন্য নির্বাসন বা হত্যার হুমকি কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

পোস্টের শেষাংশে তসলিমা দাবি করেন, তাঁর বিরুদ্ধে বিরূপ মনোভাবের মূল কারণ ইসলাম সম্পর্কে তাঁর সমালোচনামূলক অবস্থান। তিনি লেখেন, "আমার একটাই দোষ—তাঁরা ইসলামকে শান্তির ধর্ম বলে বিশ্বাস করেন, আমি করি না। ইসলামের সমালোচনা করার অধিকারকেও তাঁরা বাক্‌স্বাধীনতার অংশ হিসেবে মানতে পারেন না।"

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর ১ আগস্ট কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। 'সেক্যুলার মিশন' ও সহযোগী সংগঠনগুলির উদ্যোগে রবীন্দ্রসদনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।


শেহতীয়া খবৰ