শ্রীনগর:
জম্মু ও কাশ্মীরের পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে চলতি শ্রী অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) মহাপরিচালক (ডিজি) প্রবীর রঞ্জন। রবিবার সিআইএসএফের এক মুখপাত্র এই তথ্য জানান।
মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, শনিবার অতিরিক্ত মহাপরিচালক (উত্তর) সুধীর কুমারকে সঙ্গে নিয়ে নুনওয়ান বেস ক্যাম্প পরিদর্শনে যান প্রবীর রঞ্জন। সেখানে তিনি অমরনাথ যাত্রাকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন।
পরিদর্শনের সময় তিনি নিরাপত্তা মোতায়েনের পরিকল্পনা, প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক, নজরদারি ব্যবস্থা, চিকিৎসা সহায়তা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), জম্মু ও কাশ্মীর পুলিশ, বেসামরিক প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় ব্যবস্থা খতিয়ে দেখেন।এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ মোতায়েন এলাকা, চেকপোস্ট, যোগাযোগ কেন্দ্র, সিআরপিএফের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি কন্ট্রোল রুম এবং লজিস্টিক ব্যবস্থাও পরিদর্শন করেন।
নাশকতাবিরোধী ব্যবস্থা, সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার, ভিড় নিয়ন্ত্রণ, যাত্রাপথের নিরাপত্তা এবং যে কোনও জরুরি পরিস্থিতির দ্রুত মোকাবিলার প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সফরকালে সিআইএসএফ প্রধান জওয়ানদের ব্যারাক, তীর্থযাত্রী শিবির, স্বাস্থ্যকর্মী এবং মহিলা নিরাপত্তাকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রবীর রঞ্জন কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, অমরনাথ যাত্রা চলাকালীন সর্বোচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতি, সতর্কতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি বাহিনীর সব স্তরের কর্মীদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) কঠোরভাবে মেনে চলা, সর্বদা সতর্ক থাকা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।