ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবেই সকলের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার: তারেক রহমান
আওয়াজ দ্য ভয়েস, নয়াদিল্লি:
ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, বাংলাদেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি সংবাদ সংস্থা ‘বিএসএস’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সচিবালয়ে নিজের দফতরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেখানেই তিনি এই আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে নয়, বরং এ দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের যে অধিকার ও নিরাপত্তা প্রাপ্য, তা নিশ্চিত করতে সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারের প্রধান হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা তাঁর দায়িত্ব বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, নিজের সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে সব রকম প্রচেষ্টা চালাবেন।
তারেক রহমানের কথায়, “এই দেশের নাগরিক এবং মানুষ হিসেবে আপনাদের কিছু অধিকার রয়েছে। সরকারের প্রধান হিসেবে সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করা আমার কর্তব্য।”
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং মন্দির ও ধর্মীয় অনুষ্ঠানগুলির সুরক্ষা নিয়ে উদ্বেগের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।