১৭৬ বছরের ইতিহাসে প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

Story by  atv | Posted by  Aparna Das • 13 h ago
প্রবীণ জীবাশ্মবিজ্ঞানী বর্ষা অশোক আগলাওয়ে
প্রবীণ জীবাশ্মবিজ্ঞানী বর্ষা অশোক আগলাওয়ে
 
কলকাতা

দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষ ভূ-বৈজ্ঞানিক সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-এর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। সংস্থার ১৭৬ বছরের পথচলায় এই প্রথম কোনও মহিলা ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন। শুক্রবার জিএসআই-এর ৫৪তম ডিরেক্টর জেনারেল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন বর্ষা অশোক আগলাওয়ে।

প্রবীণ জীবাশ্মবিজ্ঞানী বর্ষা অশোক আগলাওয়ের কর্মজীবনের অভিজ্ঞতা তিন দশকেরও বেশি। তিনি বিদায়ী ডিরেক্টর জেনারেল অসিত সাহার স্থলাভিষিক্ত হলেন। অসিত সাহা গত দু'বছর ধরে সংস্থার নেতৃত্বে ছিলেন।
 
১৯৯২ সালে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনসে কর্মজীবন শুরু করার পর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগ দেন আগলাওয়ে। সম্প্রতি তিনি কলকাতায় জিএসআই-এর পূর্বাঞ্চলীয় দফতরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
নতুন দায়িত্ব গ্রহণের পর বর্ষা আগলাওয়ে জানান, কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান এবং খনিজ নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকারকে সামনে রেখেই আগামী দিনে জিএসআই-এর কর্মসূচি পরিচালিত হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ভূগর্ভের গভীরে লুকিয়ে থাকা খনিজ সম্পদের অনুসন্ধান আরও দ্রুততর করা, সমুদ্র উপকূল ও সমুদ্রতলের খনিজ অনুসন্ধান সম্প্রসারণ এবং আধুনিক গবেষণাগারের পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ওপর।
 
এছাড়াও তিনি উন্নত ভূ-বৈজ্ঞানিক গবেষণা, প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত অধ্যয়ন, হিমবিজ্ঞান (গ্লেসিওলজি) এবং তরুণ ভূ-বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রেও জিএসআই-কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছেন তিনি।
 
দেশের ভূ-সম্পদ অনুসন্ধান ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই সংস্থার নেতৃত্বে প্রথমবার কোনও মহিলার আগমনকে তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছে ভূ-বিজ্ঞান মহল।