গুয়াহাটি:
সাহস, শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের অনন্য নজির গড়লেন অসম পুলিশের মহিলা পুলিশকর্মী সাবিনা ইয়াসমিন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর প্রথম মহিলা কমান্ডো কনভার্সন কোর্সে দেশের সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন তিনি। শুধু সামগ্রিক প্রশিক্ষণেই নয়, শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন সাবিনা।
অসম পুলিশের ১ম CDO ব্যাটালিয়নের সদস্য WPC সাবিনা ইয়াসমিন এই প্রশিক্ষণ কোর্সে ‘বেস্ট ওভারঅল ট্রেনি’ এবং ‘বেস্ট ইন ফিজিক্যাল’—দুই বিভাগেই সেরার শিরোপা জিতেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ২৭০ জন দক্ষ মহিলা পুলিশকর্মী এই বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে নিজের দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং সামগ্রিক পারফরম্যান্সের জোরে শীর্ষস্থান দখল করেন সাবিনা।
অসম পুলিশের তরফে জানানো হয়েছে, প্রশিক্ষণের প্রতিটি ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তাঁর এই সাফল্য আগামী দিনে প্রশিক্ষণ নিতে আসা মহিলা পুলিশকর্মীদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে পরবর্তী ব্যাচগুলির জন্যও নতুন মানদণ্ড তৈরি করেছেন সাবিনা।
তাঁর এই কৃতিত্বে গর্ব প্রকাশ করেছে অসম পুলিশ। কঠোর অনুশীলন, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির মাধ্যমে সাবিনা দেখিয়ে দিলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার কোনও লিঙ্গভেদ নেই। তাঁর সাফল্য শুধু অসম পুলিশের গর্ব নয়, দেশের নারীশক্তির সক্ষমতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।