মুম্বই:
বুধবার মুম্বইয়ের ৭৮তম মেয়র হিসেবে নির্বাচিত হলেন রিতু তাওড়ে। ৪৪ বছরের মধ্যে তিনি দ্বিতীয় বিজেপি কাউন্সিলর হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে বসলেন। একইসঙ্গে শিবসেনার সঞ্জয় ঘাড়ি উপ-মেয়র নির্বাচিত হন। গত ১৫ জানুয়ারির পুর নির্বাচন পরবর্তী বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র বিশেষ সাধারণ সভায় ৫৩ বছর বয়সি তাওড়ে এবং ৫৭ বছর বয়সি ঘাড়ি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শপথ গ্রহণের পর বিজেপি নেত্রী রিতু তাওড়ে বলেন, মহাযুতি-নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ডের প্রধান লক্ষ্য হবে পরিকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্য, স্যানিটেশন ও জল সরবরাহের মতো মৌলিক নাগরিক পরিষেবার মানোন্নয়ন। তিনি আরও জানান, নিজের দায়িত্ব পালনে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন এবং বিরোধী দলের সদস্যদের পরামর্শ গ্রহণে তিনি সদা প্রস্তুত থাকবেন।
তিনি সাংবাদিকদের বলেন,“মেয়রের দফতরে নিজেকে সীমাবদ্ধ না রেখে আমি মুম্বইয়ের ‘সেবক’ হিসেবে কাজ করব। গত ২২ বছর ধরে আমি তৃণমূল স্তরের দলীয় কর্মী হিসেবে কাজ করেছি এবং তা চালিয়ে যাব। আমাদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত নাগরিক পরিষেবার উন্নতি, তাই বিরোধী দলগুলির যে কোনও পরামর্শ ও আপত্তিকে স্বাগত জানাই।”
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের পরিকাঠামো উন্নয়নের ওপর জোরের প্রসঙ্গ টেনে তাওড়ে বলেন, শহরে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলির গতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
১৯৮২-৮৩ সালে প্রভাকর পাই মুম্বইয়ের প্রথম বিজেপি মেয়র হন। বুধবার তাওড়ের নির্বাচন ঠাকরে পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের অবসান ঘটাল।যদিও মেয়রের পদটি মূলত আনুষ্ঠানিক, তবুও মুম্বইয়ের পরিচয়-নির্ভর রাজনীতিতে এর রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব অত্যন্ত বেশি।
পূর্ববর্তী সাধারণ বোর্ডের মেয়াদ মার্চ ২০২২-এ শেষ হওয়ার পর থেকে দেশের সবচেয়ে ধনী পুরসংস্থার রাজ্য-নিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা মিউনিসিপ্যাল কমিশনার ভূষণ গাগরানি এই সভায় সভাপতিত্ব করেন।
বিএমসি সদর দফতরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বিধানসভা স্পিকার রাহুল নারওয়েকরসহ বিজেপি ও শিন্ডে-নেতৃত্বাধীন শিবসেনার অন্যান্য নেতারা।