শতানন্দ ভট্টাচার্য
বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছা রক্তদান সম্পর্কে সচেতনতা জাগিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সুনাম কুড়িয়ে পুরস্কৃত হলেন শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার - ব্লাড সেন্টারের প্রধান তথা মেডিকেল অফিসার ডা.শবনম বাহার বড়ভূঁইয়া।
আসলে সময়মতো মুমূর্ষ রোগীর জন্যে রক্ত না পেয়ে আজো অনেক রোগী মারা যান। তাই একজন সুস্থ মানুষ যাতে নিয়মিত রক্তদান করতে পারেন সেব্যাপারে সচেতনতা জাগানো খুবই দরকার। বিগত কয়েক বছর থেকে বরাক উপত্যকার গ্রাম-শহর সর্বত্র স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে প্রসারিত করতে ডা. শবনমের নিরলস ও দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। ডাঃ বড়ভূঁইয়া তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে সংবর্ধিত হয়ে অবশ্যই সমগ্র উপত্যকার জন্যে এক আদর্শ উদাহরণ সৃষ্টি করলেন।
গত ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হলদিয়ার আই.আই.এম.এস.এ.আর. ও ডা. বি.সি. রায় হাসপাতালে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব রুরাল সার্জনস অব ইন্ডিয়ার ৩০তম বার্ষিক অধিবেশনে ডা. শবনম বাহার বড়ভূঁইয়াকে 'চ্যাম্পিয়ন অব রুরাল সার্জারি' সম্মানে ভূষিত করা হয়। সারা দেশের পাঁচ জন চিকিৎসক এবং পাঁচ জন প্যারামেডিকেল কর্মীকে এই সম্মান প্রদান করা হয়। চিকিৎসক হিসেবে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র ডা. শবনমকেই মনোনীত করা হয়।
ডাঃ বড়ভূঁইয়া জানান তিনি পশ্চিম বঙ্গে এই স্বীকৃতি পেয়ে অভিভূত। এই সম্মান তাঁকে আরো বেশি উজ্জীবিত করবে নিজের পেশাগত দায়িত্ব পালনে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি অনুভব ব্যক্ত করে বলেন তিনি আপ্লুত।তিনি তাঁর এই প্রাপ্তির কৃতিত্ব দেন সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড সেন্টারের কর্মীদের।বিশেষভাবে কৃতজ্ঞতা জানান বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে তাদের ব্লাড সেন্টারের পাশে থাকার জন্য ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য।
এদিকে বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন ডাঃ বড়ভূঁইয়ার এই সম্মান প্রাপ্তিতে সন্তোষ ব্যক্ত করেছে। বরাকে স্বেচ্ছা রক্তদান আন্দোলনের পুরোধা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকেও । গত ১০ ফেব্রুয়ারি ফোরামের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে ডা. শবনম বাহার বরভূইয়াকে অভিনন্দিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের জেলা সভাপতি দেবব্রত পাল, কেন্দ্রীয় সভাপতি ডঃ মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক আশু পাল, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, জেলা সমিতির সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ প্রমুখ। ডাঃ শবনমকে উত্তরীয় পরিয়ে এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয়। হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীদের পক্ষ থেকে ডা. শবনমকে নিয়ে একটি কেকও কাটানো হয়।