কলকাতা
সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে দেশজুড়ে প্রতারণার জাল! প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনার নামে সাধারণ মানুষকে আজীবন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় মধ্য কলকাতার ডালহৌসি এলাকার একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ মহিলা-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারা গর্ভমেন্ট প্লেস (ইস্ট)-এর ওই কল সেন্টারে হানা দেন। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। ধৃতদের মধ্যে রয়েছেন কল সেন্টারের ম্যানেজার কৃষ্ণেন্দু সাহাও। অভিযানের সময় বেশ কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংবলিত বিপুল তথ্যভাণ্ডার এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি লিখিত স্ক্রিপ্ট উদ্ধার করেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ফোন করতেন। তাঁদের জানানো হত, নতুন একটি 'প্রধানমন্ত্রী ওয়াই-ফাই যোজনা' চালু হয়েছে। এই প্রকল্পে প্রথম দফায় নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলেই আজীবন দেশের যে কোনও জায়গায় ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা মিলবে। এমন আকর্ষণীয় প্রস্তাবে বিশ্বাস করে বহু মানুষ টাকা জমা দিয়েছিলেন বলে অভিযোগ।
পুলিশের প্রাথমিক অনুমান, কলকাতায় বসেই গোটা দেশের গ্রাহকদের নিশানা করছিল এই চক্র। উদ্ধার হওয়া লিখিত স্ক্রিপ্ট অনুসরণ করেই কল সেন্টারের কর্মীরা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে কথা বলতেন এবং সরকারি প্রকল্পের নামে তাঁদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন।
এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, এখনও পর্যন্ত কতজন মানুষ প্রতারিত হয়েছেন এবং এর পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গোটা নেটওয়ার্কের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।